মহসীনুল করিম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাব্য সঙ্কট নিরসন এবং ভাটিতে নদী ভাঙন রোধে আগামী অক্টোবরের শেষদিকে পাইলট প্রকল্পের আওতায় যমুনায় খননের কাজ শুরু হচ্ছে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (ডব্লিউডিবি-পাউবো) একটি পাইলট প্রকল্প ইতোমধ্যে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন পেয়েছে।
এ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ হার্ডপয়েন্ট থেকে বঙ্গবন্ধু সেতুর উজান পর্যন্ত ১৪ কিলোমিটার নদী খনন করা হবে। দুই বছরের জন্য নদী-খনন এবং রক্ষণাবেক্ষণে এ প্রকল্পের অধীনে ব্যয় হবে মোট ৪৬১ কোটি ৬০ লাখ টাকা।
পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমান সরকারের নদী-খনন মহাপরিকল্পনার অংশ হিসেবে পাইলট প্রকল্পের আওতায় এ কাজ শুরু করা হবে। বর্তমানে বর্ষার কারণে নদীতে পানি বেশি থাকায় অক্টোবর মাসে শেষ নাগাদ অথবা নভেম্বর মাসের শুরুতেই কাজ শুরু হবে।
এ প্রকল্পের অধীনে প্রথম বছরে দুটি খণ্ডে নদীটির ১৪ কিলোমিটার খনন করে গভীরতা বাড়ানো হবে। পরের বছর এ অংশে রক্ষণাবেক্ষণ খনন কার্যক্রম চালানো হবে। এতে নদীটির এ অংশটির নাব্য সঙ্কট দূর হবে।
এ প্রকল্পের পরিচালক জ্যোতি দাসগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাইলট প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রাক্কলিত ব্যয় ৬০২ কোটি টাকা ধরে দরপত্র আহ্বান করা হয়েছিলো। এর মধ্যে উজানের ৭ কিলোমিটারের জন্য ৩০২ কোটি ৭৫ লাখ এবং ভাটির ৭ কিলোমিটারের জন্য ২৯৯ কোটি ৫০ লাখ টাকা ধরা হয়।
কিন্তু চায়না হারবার ইঞ্জিনিয়ারিং নামের একটি চীনা নদী-খননকারী প্রতিষ্ঠান প্রাক্কলিত ব্যয়ের ২৫ শতাংশ কমে এ খননের জন্য ৪৬১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ের দরপত্র জমা দিয়ে সর্বনিু নির্বাচিত হয়েছে।
প্রতিষ্ঠানটিকে কাজ দেওয়ার ব্যাপারে মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিয়েছে। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই প্রতিষ্ঠানটিকে কাজ শুরুর জন্য কার্যাদেশ দেওয়া হবে।
জ্যোতি দাসগুপ্ত জানান, প্রথম বছরে ১৪ কিলোমিটার নদী থেকে ১ কোটি ৫৪ লাখ ৭০ হাজার ঘনমিটার বালু তোলা হবে। দ্বিতীয় বছর রক্ষণাবেক্ষণ খনন কার্যক্রমের আওতায় এ থেকে আরো ৮৬ লাখ ৬০ হাজার ঘনমিটার বালু উত্তোলন হবে। যা নদীটিকে আরো গতিশীল ও নাব্য করে তুলবে।
পানি উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী, নদীতে পানি কম থাকায় অক্টোবর মাস থেকে পরবর্তী বর্ষা মৌসুম শুরুর আগে মে মাস পর্যন্ত সময়কে কাজ শুরু করার উপযুক্ত সময় ধরা হয়। এজন্য এ বছরের নদী-খনন কার্যক্রমও শুরু হবে অক্টোবরের শেষ দিকে অথবা নভেম্বরের শুরুতেই। মে মাসের মধ্যে নির্ধারিত অংশের খনন কার্যক্রম শেষ করা হবে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারের অগ্রাধিকারভুক্ত প্রকল্প হিসেবে পানি উন্নয়ন বোর্ডের ''ক্যাপিটাল (পাইলট) ড্রেজিং অব রিভার সিস্টেম ইন বাংলাদেশ" প্রকল্পের আওতায় যমুনা নদীর সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট থেকে বঙ্গবন্ধু সেতুর উজান পর্যন্ত ১৪ কিলোমিটার খনন করা হবে।
এর আওতায় চলতি বছরের অক্টোবর থেকে ২০১২ সালের মে পর্যন্ত খনন কার্যক্রম এবং ২০১২ সালের অক্টোবর থেকে ২০১৩ সালের মে পর্যন্ত রক্ষণাবেক্ষণ খনন কার্যক্রম চলবে।
পদ্মা, মেঘনা ও যমুনা নদীগুলো উজান থেকে প্রত্যেক বছর ১১০ কোটি (এক দশমিক এক বিলিয়ন টন) পলি বহন করে। বাংলাদেশের ওপর দিয়ে এ পলি দক্ষিণে বঙ্গোপসাগরে পড়ে। এর একটি বড় অংশই দেশের নদীগুলোতে থেকে যায়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পলি প্রবাাহের কারণে দেশের নদীগুলোর গতি-প্রকৃতি প্রতিনিয়ত পরিবর্তিত হয় এবং নদীর তীর ভাঙনের মুখে পড়ে। এতে প্রতি বছর ৮ থেকে ১০ হাজার হেক্টর জমি নদীগর্ভে বিলীন হয়। যা নদীগুলোকে মৃতপ্রায় করে তুলেছে।
মৃতপ্রায় নদ-নদীসমূহ পুনরুজ্জীবনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে 'ক্যাপিটাল ড্রেজিং অ্যান্ড রিভার ম্যানেজমেন্ট স্ট্রাটেজি অব বাংলাদেশ' নামে ৫০ হাজার কোটি টাকা ব্যয় সম্বলিত ১৫ বছর মেয়াদি প্রকল্প হাতে নিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১০৩৫ ঘ.
bdnews24