ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিটফোর্ড হাসপাতালের উপ-পরিচালককে লাঞ্ছিত করার অভিযোগে স্থানীয় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। লাঞ্ছনার প্রতিবাদে দু'ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা।
শনিবার দুপুর ২টার দিকে ঢাকা মহানগর যুবলীগের সদস্য মো. নাসিরের নেতৃত্বে পাঁচ ছয়জন হাসেমের কক্ষে ঢুকে তাকে মারধর এবং গালি গালাজ করে।
এই ঘটনার প্রতিবাদে হাসপাতালের চিকিৎসক, সেবিকা ও এবং কর্মচারীরা দু'ঘণ্টা কর্মবিরতি পালন করেছে।
স্থানীয় সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এসে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেবেন বলে তাদের আশ্বস্ত করেন। এরপর বিকেল ৪টার দিকে তারা কর্মবিরতি প্রত্যাহার করেন।
মোস্তফা জালাল মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নাসির মহানগর যুবলীগের সদস্য। হাসপাতালে একটি ঘটনা ঘটেছিল। ইতিমধ্যে ওই যুবলীগ নেতার বিরুদ্ধে পুলিশ অ্যাকশনে গেছে। তাকে গ্রেপ্তারও করেছে।"
সন্ধ্যা ৬টার দিকে পুলিশ সোয়ারিঘাট এলাকা থেকে নাসিরকে গ্রেপ্তার করেছে।
নাসিরকে গ্রেপ্তারের বিষয়টি কোতয়ালি থানার দায়িত্ব কর্মকর্তা নিশ্চিত করে জানিয়েছেন, এ ব্যাপারে চিকিৎসকদের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
হাসপাতালের পরিচালক কে এম ফরিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক্লোজড সার্কিট ক্যামেরায় দেখা গেছে লুঙ্গি ও প্যান্ট পরা ছয়জন যুবক উপ-পরিচালকের কক্ষে ঢুকে তাকে মারধর করে এবং বুকের কলার ধরে আজেবাজে কথা বলে। দু-তিন মিনিট পর তারা চলে যায়।
এ ব্যাপারে উপ-পরিচালক হাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত রাতে ওয়ার্ড পরিদর্শনের সময় এক যুবককে দেখে তার পাশে থাকা হাসপাতালের ৪র্থ শ্রেণীর কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীরের কাছে তার পরিচয় জানতে চাই।
"তখন জানতে পারি মো. নাসির নামের ওই যুবক জাহাঙ্গীরের বন্ধু । তিনি যুবলীগ নেতা। তার এক আত্মীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।"
সেসময় ওই যুবকের সঙ্গে কোন কথা হয়নি বলে জানান ডা. হাসেম।
তিনি বলেন, "গত রাতের সূত্র ধরে যুবকরা তার কক্ষে ঢোকার পর নাসির বলে 'আমারে চেনোস না, অমি কে?' এরপর তারা কিছু সময় থেকে তাকে নাজেহাল করে চলে যায়।"
এই ঘটনার পরপর হাসপাতালে সবাই কাজ বন্ধ করে দিলে চিকিৎসা সেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ৪র্থ শ্রেণীর কর্মচারীরা ঘটনার প্রতিবাদে মিছিল করেন।
খবর পেয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ইকবাল আসলানসহ স্বাচিপের অনেক নেতা ছুটে আসেন।
ঘটনার প্রতিবাদে সবাই কালো ব্যাজ ধারণ এবং শনিবারের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।
পরে স্থানীয় সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন হাসপাতালে আসলে বিক্ষোভকারীরা তাকে এক ঘণ্টা সময় বেঁধে দেন। সংসদ সদস্য ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করলে প্রায় ২ ঘণ্টা পর বিকাল ৪টার দিকে তারা কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করে নেন।
পরিচালক ফরিদুজ্জামান জানান, এ ব্যাপারে তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/পিডি/২১১৬ ঘ.
bdnews24