ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনমোহন সিংয়ের ঢাকা সফরে দুই প্রধানমন্ত্রীর দেওয়া যৌথ বিবৃতির উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ভারতকে ইতোমধ্যে 'করিডোর' দিয়ে দিলেও জনগণের সঙ্গে মিথ্যাচার করছে।
শনিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, "সরকার ভারতকে ইতোমধ্যে করিডোর দিয়ে দিয়েছে। দুই দেশের ৬৫ দফা যৌথ বিবৃতির ৪১ নম্বর ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সকল নির্দেশ দেয়া হলো। কে বলেছে করিডোর দেয়নি?"
"সরকার এভাবে মিথ্যাচার করে জনগণের সঙ্গে প্রতারণা করছে", যোগ করেন তিনি।
গত ৬ ও ৭ সেপ্টেম্বর মনমোহন সিংয়ের এই সফরে তিস্তা ও ফেনী নদীর পানিবণ্টন চুক্তি হওয়ার কথা থাকলেও পানি ভাগাভাগি নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আপত্তিতে শেষ মুহূর্তে চুক্তিগুলো আটকে যায়। কথা থাকলেও দুই দেশের মধ্যে ট্রানজিট বাস্তবায়নে সম্মতিপত্র বিনিময়ের বিষয়টিও আর হয়নি।
৬ অগাস্ট ঢাকা-দিল্লি শীর্ষ বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আঞ্চলিক সহযোগিতার রূপরেখা চুক্তি, স্থলসীমা বিষয়ে একটি প্রটোকল এবং কয়েকটি সমঝোতা স্মরক স্বাক্ষরিত হয়। পরদিন দুই প্রধানমন্ত্রীর এক যৌথ বিবৃতিতে বলা হয়, "চট্টগ্রাম ও মংলা বন্দর থেকে সড়ক, নৌ ও রেলপথে ভারতীয় পর্যন্ত পণ্য আনা-নেওয়ার জন্য সব প্রস্তুতি যতো দ্রুত সম্ভব শেষ করার নির্দেশনা দিয়েছেন দুই প্রধানমন্ত্রী।"
ভারতকে বাংলাদেশের ওপর দিয়ে পণ্য পরিবহন করতে দেওয়ার এই সুযোগকেই 'করিডোর' হিসেবে আখ্যায়িত করে আসছেন মির্জা ফখরুল। তার দল ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়ারও বিরোধিতা করে আসছে।
জাতীয় প্রেসক্লাবে ন্যাশনালিস্ট কালচারাল পার্টির উদ্যোগে 'ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফর: প্রত্যাশা ও প্রাপ্ত' শীর্ষক এই আলোচনা সভায় ফখরুল দাবি করেন, 'করিডোরের' সুবাদেই ভারতের ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎকেন্দ্রের ভারি যন্ত্রাংশ আশুগঞ্জ থেকে সড়ক পথে ত্রিপুরা গেছে।
বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়ায় চলতি বছরের শুরুতে কলকাতা থেকে আশুগঞ্জ হয়ে পালটানা বিদ্যুৎ প্রকল্পের ভারি যন্ত্রপাতি আখাউড়া-আগরতলা সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় নেওয়া হয়। এ লক্ষ্যে গত বছর আশুগঞ্জ নৌবন্দরকে বাংলাদেশের পঞ্চম 'পোর্ট অব কল' এবং দ্বিতীয় 'ট্রান্সশিপমেন্ট পয়েন্ট' ঘোষণা করা হয়। গত বছর জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়া দিল্লি সফরের সময় দুই প্রধানমন্ত্রী এসব বিষয়ে সম্মত হন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, ২০১০ সালের ওই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব 'চুক্তি' করেন, তার মধ্যে 'করিডোর' দেওয়ার চুক্তিও ছিলো।
"এ কারণেই সরকার ওইসব চুক্তি জনসম্মুখে প্রকাশ করেনি। সংসদেও উপস্থাপন করেনি।"
সংগঠনের সভাপতি এম এম মেহবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, সাংসদ মোস্তফা আলী মুকুল, যুব দল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৫১২ ঘ.
bdnews24