২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গভীরতা নেই, পদ্মায় ফেরি চলাচলে বিপত্তি

পলি জমে গভীরতা কমে যাওয়ায় পদ্মার দৌলতদিয়া-পাটুরিয়া এবং মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে শুক্রবার রাতে মাওয়া-কাওড়াকান্দি রুটে ৬ ঘণ্টা এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2011, 05:10 AM

Updated : 24 Aug 2022, 03:56 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পলি জমে গভীরতা কমে যাওয়ায় পদ্মার দৌলতদিয়া-পাটুরিয়া এবং মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে শুক্রবার রাতে মাওয়া-কাওড়াকান্দি রুটে ৬ ঘণ্টা এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজবাড়ী প্রতিনিধি জানান, নাব্য সঙ্কটের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল প্রায় অসম্ভব হয়ে দাঁড়ালে শনিবার সকাল ৬টা থেকে পারাপার বন্ধ করে দেয় বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের স্টেশন ম্যানেজার তানভীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার ভোররাত পর্যন্ত কয়েকটি ফেরি চলাচল করলেও শনিবার সকাল ৬টা ২০ মিনিট থেকে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ সময় পাটুরিয়া থেকে দৌলতদিয়ার পথে রওনা দিয়ে ৭৩টি বিভিন্ন ধরনের যানবাহন নিয়ে পাঁচটি ফেরি নদীর বিভিন্ন স্থানে আটকে থাকে। এর মধ্যে রয়েছে- হামিদুর রহমান, মতিয়ুর রহমান, শাহ মখদুম, আমানত শাহ, শাহআলী। এছাড়া পাটুরিয়া ঘাটে ফেরি কুমারী ও শাহ পরাণ এবং দৌলতদিয়া ঘাটে কেরামত আলী, খান জাহান আলী ও শাহ জালাল ফেরি তিনটি যানবাহন নিয়ে পারাপারের অপেক্ষায় আটকে থাকে এ সময়। প্রায় নয় ঘণ্টা পর শনিবার বিকাল সাড়ে ৩টায় এই রুটে ফেরি আবার শুরুহয় বলে তানভীর হোসেন জানান। ওই সময় দৌলতদিয়া ঘাট থেকে তিনটি ফেরি পাটুরিয়ার দিকে ছেড়ে যায়। মানিকগঞ্জ প্রতিনিধি জানান, শনিবার ভোর সাড়ে ৪টায় দৌলতদিয়াগামী ফেরি কেরামত আলী যানবাহন ও যাত্রী নিয়ে দৌলতদিয়া চ্যানেলে আটকা পড়ে। উদ্ধারের পর সকালে ফেরিটি দৌলতদিয়া ঘাটে পৌঁছে। এরপর সকাল ৭টায় হামিদুর রহমান নামের আরেকটি ফেরি পাটুরিয়া ঘাট থেকে রওনা দিয়ে দৌলতদিয়া চ্যানেলে আটকা পড়ে। সকাল সাড়ে ১০টার দিকে সেটি উদ্ধার করা হয়। বিআইডব্লি¬উটিসি আরিচা ঘাটের ম্যানেজার (বাণিজ্য) আশরাফ উল্ল¬াহ জানান, স্বাভাবিকভাবে ফেরি চলাচল করতে ৯/১০ ফুট গভীরতার প্রয়োজন, কিন্তু দৌলতদিয়া চ্যানেলে এখন গভীরতা মাত্র ৬ ফুট। ফেরি চলাচল বন্ধ থাকায় সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাটুরিয়া ঘাটে চারশ' পণ্যবাহী ট্রাক ও শতাধিক যাত্রীবাহী বাস আটকা পড়ে। মুন্সীগঞ্জ ও মাদারীপুর প্রতিনিধি জানান, মাওয়া-কাওড়াকান্দি রুটের হাজরা চ্যানেলে শনিবার রাতে একটি ডাম্পফেরি আটকে গেলে সকাল ৭টা পর্যন্ত প্রায় ছয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। বিআইডব্লিউটিসি কাওড়াকান্দি ঘাট ব্যবস্থাপক এম এ বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১২টার দিকে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাট থেকে ডাম্পফেরি রামশ্রী ২২টি যানবাহন নিয়ে মাওয়ার উদ্দেশে ছেড়ে যায়। কিন্তু পর্যাপ্ত মার্কিং ও সিগনাল বাতি না থাকায় রাত দেড়টার দিকে হাজরা টার্নিংয়ে ডুবোচরে আটকে যায় ফেরিটি। এতে সরু এ চ্যানেলটিতে আর কোনো ফেরি চলার উপায় ছিলো না বলে জানান তিনি। এই সময়ে প্রায় দুশ' যানবাহন নিয়ে ১০টি ফেরি এ রুটের বিভিন্ন স্থানে আটকা পড়ে। চরম বিপাকে পড়ে আট হাজারের বেশি মানুষ। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পারে তিনশ'র বেশি যানবাহন আটকে পড়ে বলে কর্মকর্তারা জানান। পরে উদ্ধারকারী জাহাজ আইটি-৩৯১ সকাল সাড়ে ৭টার দিকে ফেরিটিকে উদ্ধার করতে সক্ষম হয়। বিআইডব্লিউটিসির মাওয়া ঘাটের ম্যানেজার সিরাজুল হক শনিবার সকাল ৯টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রামশ্রীকে ডুবোচর থেকে টেনে নামানোর পর এটি গন্তব্যে রওনা হয়। পরে অন্য ফেরিগুলোও চলাচল শুরু করে। এর আগে গত ২৯ অগাস্ট হাজরা চ্যানেলে ছয় দিন ডুবোচরে আটকে ছিলো ডাম্পফেরি রামশ্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৬২৩ ঘ.