ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম)- পুরান ঢাকার আরমানিটোলায় শুক্রবার রাতে একটি রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ড হয়েছে। তবে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
বংশাল থানার ওসি জমির উদ্দিন জানান, আরমানিটোলার তারা মসজিদ সংলগ্ন গোবিন্দ দাস লেনের একটি ভবনে তিনটি প্রতিষ্ঠানের গুদামে রাত পৌনে ৯টার দিকে এই অগ্নিকাণ্ড হয়। তবে ফায়ার ব্রিগেড কর্মীরা আধা ঘণ্টার মধ্যে তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
আগুন নেভাতে গিয়ে ফায়ার ব্রিগেড কর্মী মো. হারুন (৩২) ও জিয়াউল হক (৩০) সামন্য আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে স্টার কেমিকেল, আইডিয়াল কর্পোরেশন এবং সেভেন স্টার কেমিকেল নামের তিনটি প্রতিষ্ঠানের গুদাম পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ জানা সম্ভব হয়নি।
২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নিমতলীতে একটি রাসায়নিকের গুদামে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়লে অন্তত ১২৬ জন নিহত হয়।
ওই ঘটনার পর সরকার ঢাকা মহানগরী থেকে দাহ্য রাসায়নিক দ্রব্যের সব দোকান ও গুদাম কেরানীগঞ্জ বা কামরাঙ্গীরচর এলাকায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেও এখনো তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/জেকে/০১৪৭ ঘ.
bdnews24