ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের দেবে যাওয়া অংশ পরিদর্শন করে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান বলেছেন, এখন পর্যন্ত 'ভয়ের কিছু' তারা পাননি।
রাত সাড়ে ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমরা এ সিদ্ধান্তে এসেছি যে, ফ্লাইওভারের কিছুু হয় নি। যিনি এই ফ্লাইওভারের নকশা করেছেন, পরিদর্শনে তিনিও আমার সঙ্গে ছিলেন। সব কিছু দেখে নিশ্চিত যে, এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।"
দেশের বৃহত্তম এই উড়ালসেতুর পশ্চিম পাশের একটি অংশ দেবে যাওয়ায় শুক্রবার রাত ৮টার দিকে এর ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
খিলগাঁও থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফ্লাইওভারের একটি অংশ ২ ইঞ্চির মতো দেবে গেছে। সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে।"
অবশ্য ফ্লাইওভার এলাকায় দায়িত্বরত পুলিশের এএসআই ফেরদৌস আলম সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহজাহানপুরের দিক থেকে ফ্লাইওভারে ওঠার পর দ্বিতীয় মোড়ের একটি পিলার সপ্তাহখানেক আগেই খানিকটা দেবে যায়। এ কারণে ভারি যানবাহন চলাচলও বন্ধ রাখা হয়েছিল। তবে শুক্রবার রাতে সব ধরনের যান চলাচলই বন্ধ করে দেওয়া হয়।
বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০৫ সালের মার্চে ফ্লাইওভারটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে ১ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ এবং ১৪ মিটার প্রশস্ত এই উড়াল সেতু নির্মাণে সব মিলিয়ে ব্যয় হয় ৮১ কোটি ৭৫ লাখ টাকা।
ফ্লইওভারের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিইডির পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় বিশেষজ্ঞ ও প্রকৌশলীদের নকশা ও তত্ত্বাবধানেই এর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে প্রায় দুই ঘণ্টা ফ্লাইওভারের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শনের পর এলজিইডির প্রধান প্রকৌশলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফ্লাইওভারের 'স্ট্রাকচারাল' কোনো ক্ষতি হয়নি। এখানে কোনো ফ্র্যকচারও দেখছি না। তবে সরু একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।"
নির্মাণের মাত্র ৬ বছরের মাথায় ফ্লাইওভার দেবে গেল কেন জানতে চাইলে তিনি বলেন, "রাবার বিয়ারিং ক্ষয় হতে পারে। বিয়ারিং ক্ষয়ে গেলে তা পরিবর্তন করা যায়। ৮/১০ বছর পরপর রাবার বিয়ারিং বদলানোর নিয়ম। তবে এটা একটু আর্লি ক্ষয় হয়েছে।"
শনিবার বেলা ১২টায় আবারো ফ্লাইওভার পরিদর্শন করবেন জানিয়ে ওয়াহিদুর রহমান বলেন, বুয়েট ও এলজিইডির বিশেষজ্ঞরাও তার সঙ্গে থাকবেন।
এখন পর্যন্ত যা ঘটেছে- তাতে 'তদন্তের প্রয়োজন নেই' মন্তব্য করলেও এই সরকারি কর্মকর্তা বলেছেন, "এটুকু কেন হলো- তা দেখা হবে। বিয়ারিং না অন্য কোথাও সমস্যা, তাও খুঁজে দেখবো আমরা। কাল বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।"
প্রকৌশলী অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী মনে করেন, ত্র"টি যতো সামান্যই হোক, দ্রুত এর কারণ খুঁজে বের করে পরবর্তী পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ফ্লাইওভারের ভিত্তিতে (ফাউন্ডেশন) কোনো ত্র"টি আছে কি-না এখনই তা খুঁজে বের করা দরকার। তা না হলে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।
"এখনো পর্যন্ত ঝুঁকি মনে না হলেও ঝুঁকি বিবেচনা করেই পরবর্তী পদক্ষেপ নিতে হবে", বলেন তিনি।
অবশ্য এলজিইডির প্রধান প্রকৌশলীর দাবি, নকশায় কোনো 'ঝামেলা নেই'।
"ডিজাইনে কোনো ফেইলিওর হয়নি। অবকাঠামোর কিছু হয়নি। ভয় পাওয়ার কিছু নেই। কোনো ডিজাস্টার হওয়ার আর সুযোগ নেই।"
ফ্লাইওভার আবার কবে যান চলাচলের জন্য খোলা হবে জানতে চাইলে ওয়াহিদুর রহমান বলেন, "বিশেষজ্ঞরা বলছেন, এখনো গাড়ি চলতে পারে। তবে কাল (শনিবার) আবার পরিদর্শন করে দুপুরের পর স্বাভাবিক যান চলাচল শুরু করা যায় কি না তা ঠিক করবো।"
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এমএমআর/এলএইচ/এমএইচসি/জেকে/২৩৫৫ ঘ.
bdnews24