২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবিশেষটাকা নিয়েছিলেন অনেক বিচারকই

এ বি এম খায়রুল হকের মতো প্রধানমন্ত্রীর তহবিল থেকে অর্থ সাহায্য নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান, বিচারপতি শাহ আবু নাইম মোমিনুর রহমানসহ অনেক বিচারকই। আর তা নিয়ম মেনেই দেওয়া হয়েছে বলে জানালেন আইনমন্ত্রী। সুলাইমান নিলয়ের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2011, 04:53 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

সুলাইমান নিলয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের কাছ থেকে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক টাকা নিয়েছেন বলে খালেদা জিয়া অভিযোগ করলেও অনুসন্ধানে দেখা যায়, প্রধানমন্ত্রীর তহবিল থেকে টাকা নেওয়া বিচারকদের মধ্যে সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান, বিচারপতি শাহ আবু নাইম মোমিনুর রহমানসহ অনেকেই রয়েছেন। আর চিকিৎসার জন্য নিয়ম অনুযায়ীই তাদের এ অর্থ দেওয়া হয়েছিলো বলে জানিয়েছেন আইনমন্ত্রী। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়কে কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৩১ অগাস্ট অভিযোগ করেন, প্রধান বিচারপতি থাকাকালে খায়রুল হক 'টাকার বিনিময়ে' এ রায় দিয়েছেন। বছরের মাঝামাঝিতে সর্বোচ্চ আদালত ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করলে তার আলোকে সরকার সংবিধানে সংশোধন এনে বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, বিএনপি যার বিরোধিতা করে আসছিলো। গত ৬ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিচারকদের চিকিৎসা ভাতার রীতি অনুযায়ী ১৯৯৯ থেকে ২০১১ সাল পর্যন্ত যারা টাকা নিয়েছেন তাদের একটি তালিকা উপস্থাপন করা হয়। সেই কমিটি এ বিষয়ে খালেদার বক্তব্যের সমালোচনায়ও করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম- এর পাওয়া নথিপত্রে দেখা যায়, বিচারপতি খায়রুল হক প্রধান বিচারপতি হওয়ার আগে দুই কিস্তিতে ১১ লাখ ৬৮ হাজার ৮২০ টাকা তার স্ত্রীর চিকিৎসার জন্য নিয়েছিলেন। এ বিষয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সমস্ত প্রক্রিয়া অনুসরণ করে বিচারপতি এ বি এম খায়রুল হককে তার স্ত্রীর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে অর্থ দেওয়া হয়েছিলো।" নথিপত্রে দেখা যায়, সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন ২১ লাখ ১৫ হাজার ৩১৬ টাকা প্রধানমন্ত্রীর তহবিল থেকে সাহায্য নিয়েছিলেন। আরেক সাবেক প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম নিয়েছিলেন ১৫ লাখ ৭০ হাজার ৪০৮ টাকা। সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম নিয়েছিলেন ৩ লাখ ৬৯ হাজার ৪৬০ টাকা। এছাড়া আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান অবসর গ্রহণের ঠিক আগের দিন ২ লাখ ১৭ হাজার ৮৪১ টাকা নিয়েছিলেন। তিনি মোট নেন ১৫ লাখ ৫৫ হাজার ৫৭৩ টাকা। এছাড়া বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ২৩ লাখ ৭৩ হাজার ৪১৬ টাকা, বিচারপতি মাশুক হোসেন আহমেদ ২৪ লাখ ৭৪ হাজার ২৮৩ টাকা, বিচারপতি মিফতাহউদ্দিন চৌধুরী ৫ লাখ ৩০ হাজার ৭৫২টাকা, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ৩ লাখ ১৯ হাজার ৬৮৭ টাকা, বিচারপতি মো. আব্দুল হাই ৪ লাখ ৪৭ হাজার ৫৯ টাকা ও বিচারপতি আতাউর রহমান খান ৩ লাখ ১৩ হাজার ৮৮৪ টাকা নিয়েছেন। এছাড়া বিচারপতি এ কে বদরুল হক ১০ লাখ ২৬ হাজার ৭১২ টাকা, বিচারপতি এ কে এম জহিরুল হক ১ লাখ ৪৩ হাজার ৮১১ টাকা, বিচারপতি এম ফারুক ৭ লাখ ৯৪ হাজার ৯৯৮ টাকা, বিচারপতি এম এ হাই ৫ লাখ ৭৩ হাজার ৪৭৬ টাকা, বিচারপতি মো. শামসুল হুদা ২ লাখ ৪৮ হাজার ৬৩১ টাকা, বিচারপতি মো. আবদুল আজিজ ১২ লাখ ৭৫ হাজার ৮৫৩ টাকা, বিচারপতি এস কে সিনহা ২০ লাখ ৩৯ হাজার ২২ টাকা, বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ৫ লাখ ৩ হাজার ৬৭৩ টাকা, বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ১৮ লাখ ১২ হাজার ৫১৪ টাকা, বিচারপতি মমতাজউদ্দিন আহমেদ ৭১ হাজার ৬৩০ টাকা ও বিচারপতি শেখ রেজোয়ান আলী ৭ লাখ টাকা নিয়েছেন। আইনমন্ত্রী বলেন, "কেবল সর্বোচ্চ আদালত ও অধস্তন আদালতের বিচারকগনই নন, আইন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকদের অসুস্থতার জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে টাকা দেওয়া হয়।" "ইচ্ছাকৃতভাবে বিচারপতি খায়রুল হককে হেয় প্রতিপন্ন করার জন্য তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। কারণ তিনি পঞ্চম সংশোধনী ও স্বাধীনতার ঘোষণা মামলায় রায় দিয়েছেন।" খালেদা জিয়ার ওই বক্তব্যের নিয়ে সরকার এবং সংসদীয় কমিটির সমালোচনার পর বিএনপি সমর্থক আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মাহবুবউদ্দিন খোকন বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, সমালোচনার জবাব রোববার সংসদ সম্মেলন করে দেওয়া হবে। সংবাদ সম্মেলনে খালেদার বক্তব্যের সপক্ষে তথ্যপ্রমাণ উপস্থাপন করা হবে বলেও জানিয়েছেন তিনি। বিএনপি সমর্থিত আইনজীবীদের এ সংগঠনটি বিচারপতি খায়রুল হকের সমালোচনা করে আসছিলো অনেক আগে থেকেই। খায়রুল হকের বিদায়ী অনুষ্ঠানও তারা বর্জন করেছিলো। প্রধানমন্ত্রীর তহবিল থেকে বিচারকদের অর্থ নেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারা কোন খাতের জন্য টাকা নিয়েছেন, তা দেখতে হবে। যদি শুধু চিকিৎসার প্রয়োজনে নিয়ে থাকেন, তাহলে নেওয়া যাবে না কেন?" "নিজে বা বাচ্চা অসুস্থ হলে যদি টাকা লাগে নিয়োগকারী থেকে যে কোনো চাকরিজীবীই তা নিতে পারেন। এক্ষেত্রে নিয়োগকারী প্রতিষ্ঠান যদি কোনো কল্যাণ ফান্ড থেকে টাকা দেয়, তাহলে তা কী দোষের", পাল্টা প্রশ্ন ছোড়েন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/২২৪৫ ঘ.