ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিস্তা চুক্তি শিগগিরই করতে চাইছে নয়া দিল্লি, আর এজন্য মমতা বন্দোপাধ্যায়কে রাজি করাতে রাজনৈতিক দূত পাঠাচ্ছেন মনমোহন সিং।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার আপত্তিতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহনের ঢাকা সফরে তিস্তার পানি বণ্টন নিয়ে অন্তর্বর্তী চুক্তি হয়নি। এ নিয়ে স্পষ্ট হতাশা প্রকাশ করেন মনমোহন।
কলকাতার দৈনিক আনন্দবাজারের খবর- মনমোহনের ইচ্ছা মমতা ও কেন্দ্রীয় পানিসম্পদমন্ত্রী পবন কুমার বানসাল ঢাকায় গিয়ে চুক্তি সই করুক।
মনমোহনের সফরসঙ্গী হিসেবে কংগ্রেসের জোটসঙ্গী তৃণমূল নেত্রী মমতার নাম থাকলেও শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করেন তিনি। তিস্তা চুক্তি নিয়ে কেন্দ্রীয় সরকারের হয়ে মমতার সঙ্গে আলোচনা চালাচ্ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন।
তিস্তা চুক্তি না হওয়ায় মেননের ব্যর্থতার দিকে অনেকে ইঙ্গিত করার প্রেক্ষাপটে এবার রাজনৈতিক ব্যক্তিদের কাজে লাগানোর উদ্যোগ মনমোহন নিচ্ছেন বলে আনন্দবাজার জানিয়েছে। সে ক্ষেত্রে মমতার কাছে পাঠানো হতে পারে কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ অথবা পবন কুমারকে।
রাজনৈতিক ব্যক্তিকে পাঠানোর যুক্তি তুলে ধরে আনন্দবাজার লিখেছে- "মনমোহন বুঝতে পেরেছেন, এক জন রাজনীতিকই আরেক জন রাজনীতিকের সঙ্গে সহজ ভাবে কথা বলতে পারেন। কারণ রাজনৈতিক মহলের নিজস্ব একটা গতিশীলতা রয়েছে। কিন্তু এক জন রাজনীতিক ও আমলার মধ্যে আলোচনা ও বোঝাপড়া অনেক সময় যান্ত্রিক হয়ে যায়।"
ভারতীয় প্রধানমন্ত্রীর সফরে না হলেও তিস্তা চুক্তি আগামী তিন মাসে হবে বলে ঢাকা আশা করছে। দিল্লির চেষ্টার কথাও প্রকাশিত হয়েছে মনমোহনের কথায়। চুক্তি না হওয়াটা দুর্ভাগ্যজনক বলে ঢাকায়ই মন্তব্য করেন তিনি। দিল্লি ফিরে তিনি সাংবাদিকদের বলেন, সফর নিয়ে তিনি সন্তুষ্ট। তবে তিস্তা চুক্তি হলে আরো ভালো হতো।
কলকাতার আরেক দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, মমতাকে রাজি করাতে দিল্লির পাশাপাশি ঢাকাও উদ্যোগ নিয়েছে; যদিও বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস স্পষ্ট বলে দিয়েছেন, মমতাকে সামলানোর কাজ দিল্লির, ঢাকার নয়।
এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা বৃহস্পতিবার লোকসভায় বিবৃতিতে মনমোহনের ঢাকা সফরকে মাইলফলক বলে বর্ণনা করেন। তিনি বলেন, সীমান্ত সমস্যায় স্বাক্ষরিত প্রটোকলে ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ কমবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১১৪৫ ঘ.
bdnews24