ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধানমন্ডিতে 'চুরি' করে পালানোর সময় ছাদ থেকে পড়ে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পুলিশ ধানমন্ডি ৯/এ নম্বর সড়কের ৮৫ নম্বর বাসার সামনে থেকে শিলা নামে ওই গৃহকর্র্মীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। দায়িত্বরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ধানমন্ডি থানার ওসি মনিরুজ্জামান জানান, শিলা ওই ভবনের একটি ফ্লাটের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা মেহেদুজ্জামানের বাসায় কাজ করতো।
তবে ছাদ থেকে শিলা কীভাবে পড়লো তা কেউ বলতে পারছেন না বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, "বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এজন্য বাসার লোকজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"
এদিকে ঘটনার পরপরই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান গৃহকর্তা মেহেদুজ্জামান।
সেখানে তিনি সাংবাদিকদের জানান, ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন। স্ত্রী তাকে ফোন করে জানায় গৃহকর্মী শিলা বাসা থেকে স্বর্ণালংকার চুরি করে পালানোর সময় দারোয়ান গেট বন্ধ করে দেয়। পরে ছাদ দিয়ে পালাতে গিয়ে পড়ে যায় সে। পরে লোকজন শিলাকে হাসপাতালে নিয়ে যায়।
ওসি জানান, মেহেদুজ্জামানের স্ত্রীর খবর পেয়ে শিলাকে দারোয়ান বাসা থেকে বের হতে দেয়নি এটা সত্য। তাছাড়া শিলার চুরি বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/২১৪৩ ঘ.
bdnews24