ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) অধিদপ্তরের পরিচালক পদে প্রেষণে নিয়োগের পাশাপাশি কয়েকটি পদে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নিয়োগ ও প্রত্যাহারের পৃথক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এদের মধ্যে এনএসআইয়ের পরিচালক পদে নিয়োগে পেয়েছেন সেনা কর্মকর্তা কর্নেল হাবিবুর রহমান। তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষ পদে নৌ-বাহিনীর কমান্ডার এম কামরুল হক চৌধুরীকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য তার চাকরি ন্যস্ত করা হয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে।
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) পদে প্রেষণে কর্মরত সেনা কর্মকর্তা মেজর কাজী সফিক উদ্দিনকে সেনাবাহিনীতে ফেরৎ পাঠাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
ওই পদে নতুন নিয়োগ পেয়েছেন সেনা কর্মকর্তা মেজর শেখ হেমায়েতুল ইসলাম। এজন্য তার চাকরি ন্যস্ত করা হয়েছে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগে।
বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সহকারী সার্ভে সুপার পদে প্রেষণে নিয়োজিত মেজর নূরুল আমিন চৌধুরীকে সেনাবাহিনীতে ফেরৎ পাঠানো হয়েছে। এজন্য তার চাকরি ন্যস্ত করা হয়েছে সশস্ত্র বাহিনী বিভাগে।
চট্টগ্রামের পটিয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নওয়াব আসলাম হাবিবকে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) চট্টগ্রাম অঞ্চলের মহাব্যবস্থাপক (প্রশাসন) নিয়োগ করা হয়েছে। এজন্য তার চাকরি ন্যস্ত করা হয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে।
এ ছাড়া চার জন উপসচিবকে বিভিন্ন মেয়াদে ধারণাগত জ্যেষ্ঠতা দেওয়া হয়েছে।
এদের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের গোলাম মোস্তফা ২০০৩ সালের ১০ ফেব্র"য়ারি থেকে জ্যেষ্ঠতা পাবেন। শিল্প মন্ত্রণালয়ের রফিক উদ্দীন ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের এসএম আমজাদ হোসেন ২০০৫ সালের ২১ এপ্রিল এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপ-পরিচালক বিল্লাল হোসেন ২০০৬ সালের ২৬ জানুয়ারি থেকে পাবে জ্যেষ্ঠতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৮৫০ ঘ.
bdnews24