লালমনিরহাট, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহু আলোচিত ছিটমহল দহগ্রাম-আঙ্গরপোতার প্রবেশদ্বার তিনবিঘা করিডোর বৃহস্পতিবার থেকে সব সময়ের জন্য খুলে দেওয়া হয়েছে। এতে মিছিল করে আনন্দ প্রকাশ করেছেন ছিটমহলের বাসিন্দারা।
লালমনিরহাট ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভারতীয় ১৭ বিএসএফ কোম্পানি কমাডেন্ট তিনবিঘা করিডোরের ফটক ২৪ ঘণ্টা খোলা রাখার যাবতীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে লালমনিরহাট বিজিবিকে একটি বার্তা পাঠান।
"উভয় সরকারের সিদ্ধান্তে এই ফটক এখন থেকে আর বন্ধ হবে না," যোগ করেন তিনি।
বৃহস্পতিবারের আগ পর্যন্ত করিডোরটি সকাল থেকে সন্ধ্যা খোলা থাকলেও রাতে বন্ধ করে দেওয়া হতো। মঙ্গলবার ঢাকায় ভারত-বাংলাদেশ শীর্ষ বৈঠকে এই করিডোর সব সময় খোলা রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
দহগ্রাম সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক রেজানুর রহমান রেজা বলেন, "মানুষজন বাড়ি থেকে রাস্তায় বেড়িয়ে বিজয় মিছিল করছে। এ যেন এক স্বাধীনতার স্বাদ।"
আঙ্গরপোতার অধিবাসী কোরবান আলী (৭০) বলেন, "দীর্ঘ দিনের আন্দোলনের ফসল তিনবিঘা করিডোর গেট ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা খুশি।"
মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৯৭৪ সালের স্থলসীমা চুক্তি বাস্তবায়নে একটি প্রটোকল স্বাক্ষরিত হওয়ার পর দুই প্রধানমন্ত্রী যৌথ বিবৃতিতে বলেন, বাংলাদেশের দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহলে যাতায়াতের এক মাত্র পথটি দিনরাত খোলা রাখা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, এই প্রটোকলের মাধ্যমে দুই দেশের অচিহ্নিত সীমানা, অপদখলীয় ভূমি এবং ছিটমহল সমস্যার সমাধান সম্ভব হবে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "আমি ঘোষণা দিতে চাই, এখন থেকে আমাদের দেশের জনগণ তিন বিঘা করিডোর দিয়ে দহগ্রাম ও আঙ্গরপোতায় ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্ন চলাফেরা করতে পারবে।"
দহগ্রাম ও আঙ্গরপোতা কাগজে-কলমে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার অধীন, কিন্তু মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। এ দুটি ছিটমহলে যেতে হয় তিন বিঘার একটি সরু পথের ওপর দিয়ে, যাতে সব সময় থাকে ভারতের নিরাপত্তা রক্ষীদের পাহারা। ১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা চুক্তি অনুযায়ী দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহলে যাওয়ার পথ হিসেবে এই তিন বিঘা করিডোর ইজারা পায় বাংলাদেশ।
ছিটমহলবাসী দীর্ঘদিন ধরে এই করিডোর দিয়ে ২৪ ঘণ্টা মূল ভূখণ্ডে যাতায়াতের সুযোগ চেয়ে আসছিলো।
বাংলাদেশের ভেতরে ১১১টি ভারতীয় ছিটমহল এবং ভারতের ভেতরে বাংলাদেশের ৫১টি ছিটমহল রয়েছে। নতুন করা প্রটোকলের মাধ্যমে ১৯৭৪ সালের চুক্তির আওতায় এসব ছিটমহল বিনিময় করবে দুই দেশ। এছাড়া দুই দেশের মধ্যে সাড়ে ৬ কিলোমিটার অচিহ্নিত সীমানা এবং অপদখলীয় ভূমি সমস্যারও সমাধান করা হবে এর মাধ্যমে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮৩৯ ঘ.
bdnews24