মৌলভীবাজার, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পানির কুয়ায় পড়ে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত রামগোপাল রাজভর (৩০) উপজেলার কালিটি চা বাগানের বাসিন্দা।
বুধবার রাতে তার লাশ বাগানের কুয়ায় পাওয়া যায়।
চা বাগানের ব্যবস্থাপক রবিউল হাসান সাংবাদিকদের জানান, দিনের কোনো এক সময় রামগোপাল সবার অজান্তে কুয়ায় পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। রাত ৮টার দিকে তার লাশ কুয়ার পানিতে ভাসতে দেখে চা শ্রমিকরা খবর দেয়।
রামগোপাল মৃগী রোগে আক্রান্ত বলে জানান তিনি।
কুলাউড়া থানার ওসি আজিজুর রহমান বলেন, "বাগান কর্তৃপক্ষ ঘটনাটি থানায় জানায়নি। তবে আমি খোঁজ নিচ্ছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮০৫ ঘ.
bdnews24