শেরপুর, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার হাড়িয়াকোণা এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্ণঝোড়া বিওপি ক্যাম্পের সদস্যরা ফজল মিয়াকে (৩২) আটক করে।
বুধবার তাকে শ্রীবরদী থানায় সোপর্দ করার পর একটি মামলা করা হয়েছে।
এরপর পুলিশ আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন করলে বিচারক বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ফজল মিয়া ভারতের ধুপড়ি জেলার মাইনকার চর থানার কাকড়িপাড়া পূর্ব গ্রামের আজিজ মিয়ার ছেলে বলে বিজিবি জানায়।
শ্রীবরদী কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের হাবিলদার মো. মিন্টু মিয়া জানান, গোপন সংবাদ পেয়ে সীমান্তের ১০৯৬ নম্বর পিলার থেকে বাংলাদেশের আধা কিলোমিটার ভেতর থেকে ফজল মিয়াকে আটক করা হয়।
শ্রীবরদী থানার ওসি মোস্তাসিনুর রহমান জানান, বিজিবি হাবিলদার মো. মিন্টু মিয়া বাদী হয়ে ১৯৭৩ সালের পাসপোর্ট আইনে ফজল মিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন শ্র্রীবরদী থানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৪ ঘ.
bdnews24