২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'হাতুড়ের' অপারেশনে সন্তানসহ প্রসূতির মৃত্যু

হাতুড়ে ডাক্তারের অপারেশনে পাবনার চাটমোহর উপজেলায় সন্তানসহ এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2011, 04:10 PM

Updated : 24 Aug 2022, 03:54 PM

পাবনা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাতুড়ে ডাক্তারের অপারেশনে পাবনার চাটমোহর উপজেলায় সন্তানসহ এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বুধবার সকালে 'সেবা' নামের একটি বেসরকারি হাসপাতালে প্রসূতি আইরিন পারভীন (২৬) ও তার সন্তানের মৃত্যু হয়। আইরিন চাটমোহরের হরিপুর ইউনিয়নের ধূলাউড়ি গ্রামের জকিমুদ্দিনের স্ত্রী। এ ঘটনায় ক্লিনিকের মালিক বাবলুকে পুলিশ আটক করেছে। বিক্ষুব্ধ এলাকাবাসী ক্লিনিকে ব্যাপক ভাংচুর চালিয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাটমোহর থানার ওসি হাবিবুল ইসলাম প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, চাটমোহর বাসস্ট্যান্ডে অবস্থিত সেবা ক্লিনিকে মঙ্গলবার রাতে পারভীনকে ভর্তি করা হয়। পুলিশ কর্মকর্তা বলেন, প্রসূতির প্রসব বেদনা বাড়লেও কোনো চিকিৎসক হাসপাতালে না থাকায় হাতুড়ে ডাক্তার দিয়ে সিজার অপারেশন করা হলে মা ও সন্তানের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে চাটমোহর থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.