২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে সংঘর্ষে আহত ৫০

মৌলভীবাজার সদর উপজেলার নাদামপুর গ্রামে বুধবার দু'দলের সংঘর্ষে মহিলাসহ অন্তত অর্ধশত আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2011, 03:15 PM

Updated : 24 Aug 2022, 03:54 PM

মৌলভীবাজার, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজার সদর উপজেলার নাদামপুর গ্রামে বুধবার দু'দলের সংঘর্ষে মহিলাসহ অন্তত অর্ধশত আহত হয়েছেন। সকাল ৯টায় শুরু হওয়া এ সংঘর্ষ চলে ১২টা পর্যন্ত। পরে পুলিশ গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতের মধ্যে চারজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ২৮ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৌলভীবাজার মডেল থানার ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, পুলিশ গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে, বলেন পুলিশ কর্মকর্তা। খলিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রাজা মিয়া জানান, মাস ছয়েক আগে ক্রিকেট খেলা নিয়ে গ্রামের রাব্বানী গ্রুপের শাহেদ ও কাছিম আলী গ্রুপের সুজাত মিয়ার মধ্যে মারামারি হয়। এর জেরে মঙ্গলবার দুপুরে সুজাত ও শাহেদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর দু'পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর জেরে বুধবার সকাল ৯টার দিকে দু'পক্ষের লোকজনকে মাইকে ঘোষণা দিয়ে লাঠিসোটা নিয়ে আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা ইটপাটকেলও ছোঁড়ে। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি চারজন হলেন সেজেল মিয়া (২২), শহিদ মিয়া (৩৫), মাছুম মিয়া (২৭) ও মামুন মিয়া (১৬)। মৌলভীবাজার সদর হাসপাতালে আছেন রহমান (৪০), ছবুর মিয়া (৩২), আলিম মিয়া (৪০), সুন্দর আলী (৪০), আঞ্জব আলী (২৬), সুজাত মিয়া (২৪), সহিদ মিয়া (২৭), চাঁন মিয়া (২৬), শামিম আহমদ (২৬), আবদাল মিয়া (৩২), বাদশা মিয়া (৫২), কাশেম মিয়া (৫০), সাজন মিয়া (২৮), শাবাজ মিয়া (২৫), রিপন (২৫), সাহেদ (১৫), নুর হোসেন (৩৫), সরমজান আলী (২৫), ছায়দুল মিয়া (৩০), মনির হোসেন (৩২), আলকাছ উল্লা (৫৫), মীর হেসেন (২৬), ভানু বেগম (৩৫), জামিল হোসেন (৩২), দিদার মিয়া (১৮), শেফুল মিয়া (২২), গফুর মিয়া (৫০) ও সেলিম মিয়া (২৫)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.