ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিদ্রোহের ঘটনায় হত্যা মামলার শুনানি ১৪ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে।
এ মামলার বাদী লালবাগ থানার সাবেক ওসি নব জ্যোতি খিসা বুধবার দ্বিতীয় দিনের মতো আদালতে সাক্ষ্য দেন। মামলার দুই নম্বর সাক্ষী এবং তদন্ত কর্মকর্তা নব জ্যোতি খিসাকে ১৪ তারিখ আবার হাজির হতে বলেছে আদালত।
একই দিন মামলার তিন নম্বর সাক্ষী লেফটেনেন্ট কর্নেল আবু তাছনিম ও চার নম্বর সাক্ষী লেফটেনেন্ট কর্নেল সামছুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
বুধবার সকালে ১০টা ৫০ মিনিটে সাক্ষ্য গ্রহণ শুরুর পর দুপুর পৌনে ২টা পর্যন্ত একটানা বাদীর সাক্ষ্যগ্রহণ চলে। এরপর নামাজ ও দুপুরের খাবারের জন্য ৩০ মিনিট আদালত মুলতবি থাকে।
সাক্ষ্য গ্রহণের শুরুতে আসামি বিডিআরের উপসহকারী পরিচালক তৌহিদুল আলমের আইনজীবী অ্যাডভোকেট আমিন উদ্দিন মামলার বাদীকে জিজ্ঞাসাবাদ করেন। এছাড়া বিডিআরের উপসহকারী পরিচালক নাসির, জলিল, হাবিব ও সিপাহী সেলিম রেজার পক্ষেও বাদীকে জিজ্ঞাসাবাদ করা হয়।
ডিএডি হাবিব আইনজীবীর সহায়তা না নিয়ে নিজেই বাদীকে জিজ্ঞাসাবাদ করেন। হাবিব তার আইনজীবীর ওপর আদালতে অনাস্থা আনেন এবং আদালত সরকারি আইনজীবী দিতে চাইলেও তাতে অসম্মতি জানান।
এর আগে ২৪ আগস্ট নব জ্যোতি খিসা আদালতে তিন পৃষ্ঠার একটি এজাহার উপস্থাপন করেন এবং মামলার আসামি বিডিআরের উপসহকারী পরিচালক তৌহিদুল আলমের আইনজীবী রমজান খান ও আমিনুল ইসলাম তাকে জিজ্ঞাসাবাদ করেন।
হত্যা মামলার বাদির সাক্ষ্যগ্রহণ শেষে একই ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় ৮৩১ আসামির অব্যাহতির আবেদনের শুনানি হওয়ার কথা থাকলেও রাষ্ট্রপক্ষের আবেদনে তা ১৪ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করা হয়।
বিস্ফোরক আইনে করা মামলায় গত ২৪ অগাস্ট আদালত ৪৫০ জন আসামির নাম তলব করে। তাদের মধ্যে ৩২১ জনের আইনজীবী অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।
২০০৯ সালের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ অন্তত ৭০ জন নিহত হন। বিদ্রোহের বিচার বিডিআর আদালতে হলেও হত্যা-লুণ্ঠনের বিচার চলছে প্রচলিত আইনে।
আসামির সংখ্যা বেশি হওয়ায় পুরান ঢাকার বকশি বাজারে আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে ঢাকার জজ আদালতের এজলাস বসিয়ে এই বিচার চলছে। বিচারকের দায়িত্ব পালন করছেন ঢাকা মহানগর দায়রা জজ জহিরুল হক।
রক্তাক্ত ওই বিদ্রোহের প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর পুনর্গঠন করা হয়। নাম বদলের পর এ বাহিনী এখন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হিসেবে পরিচিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এসইউ/জেকে/২০২৯ ঘ.
bdnews24