মৌলভীবাজার, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পুলিশের উদ্যোগে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণীর এক ছাত্রী।
বুধবার দুপুরে বাছিরপুর গ্রামে মেয়েটির বাড়িতে এ বিবাহের আয়োজন করা হয়েছিল।
খবর পেয়ে জুড়ী থানার ওসি মো. হাসানুজ্জামান ঘটনাস্থলে গিয়ে এ অনুষ্ঠান বন্ধ করেন।
মো. হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় নয়াগ্রাম মাদ্রাসার অষ্টম শ্রেণীর ওই ছাত্রীর (১৪) সঙ্গে বুধবার কুলাউড়া উপজেলার ইসলামনগর গ্রামের গিয়াস উদ্দিনের বিয়ে হওয়ার কথা ছিল।
স্থানীয় সাংবাদিকদের কাছে বিষয়টি জানতে পেরে দুপুরে তিনি (ওসি) বিয়ে বাড়িতে গিয়ে বর ও কনের বাবাকে বাল্য বিবাহের কুফল ও আইনগত দিক বুঝিয়ে এ অনুষ্ঠান বন্ধ করেন।
ওসি সাংবাদিকদের জানান, মাদ্রাসার ভর্তি রেজিস্ট্রার অনুযায়ী মেয়েটির বয়স ১৪ বছর। কিন্তু স্থানীয় বাছিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দেওয়া জন্ম সনদে তার বয়স দেখানো হয় ১৮ বছর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৩ ঘ.
bdnews24