২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ হামলা কাপুরুষোচিত: হাসিনা

ভারতের রাজধানী নয়া দিল্লিতে বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2011, 12:03 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের রাজধানী নয়া দিল্লিতে বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হামলাকে কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কখনোই মেনে নেওয়া যায় না। বুধবার সকালে দিল্লি হাইকোর্টের ফটকে ব্রিফকেস বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত ১১ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শেখ হাসিনা ওই হামলায় স্বজন হারানো পরিবারগুলোর প্রতি সমবেদনা ও গভীর শোক প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনা নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং প্রার্থনা করেছেন, যাতে ভারতের জনগণ এই শোক সামলে নিতে পারে। বুধবার হামলার পরপরই বিভিন্ন সংবাদ মাধ্যমে এক ইমেইল পাঠিয়েছে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী (হুজি)। এতে বলা হয়- ২০০১ সালের পার্লামেন্টে বোমা হামলার জন্য জঙ্গি আফজাল গুরুর মৃত্যুদণ্ড বাতিল না করা হলে এ ধরনের আরো হামলা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেআর/এসইউ/জেকে/১৭২৯ ঘ.