২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিন্ন নদীর পানি বণ্টনে আশাবাদী খালেদা

আলোচনার ভিত্তিতে অভিন্ন নদীর পানি বণ্টনের সমাধান আসবে বলে মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠকে আশা প্রকাশ করেছেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2011, 10:07 AM

Updated : 24 Aug 2022, 03:55 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচনার ভিত্তিতে অভিন্ন নদীর পানি বণ্টনের সমাধান আসবে বলে মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠকে আশা প্রকাশ করেছেন খালেদা জিয়া। পানি বণ্টনের বিষয়টি দীর্ঘদিনেও সমাধান না হওয়ায় খালেদা হতাশাও প্রকাশ করেছেন। জবাবে মনমোহন তাকে জানিয়েছেন, এসব সমস্যা দ্রুত সমাধানে তিনি ব্যবস্থা নেবেন। বুুধবার বিকাল ৪টায় হোটেল সোনারগাঁওয়ে প্রেসিডেন্ট স্যুইটে মনমোহন সিংয়ের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক হয়। দলের ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তিনি। আধ ঘণ্টার এই বৈঠকে দুই দেশের অভিন্ন নদ-নদীর পানি বণ্টন, সীমান্তে হত্যা, টিপাইমুখে বাধ নির্মাণ প্রকল্প, বাণিজ্য ঘাটতি ইত্যাদি বিষয়ে আলোচনা করেন দুই নেতা। বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, সহসভাপতি শমসের মবিন চৌধুরী ও প্রেস সচিব মারুফ কামাল খান ছিলেন। মনমোহন সিংয়ের সঙ্গে ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শংকর মেনন ও ঢাকায় ভারতীয় হাইকমিশনার রাজীত মিত্র প্রমুখ। বৈঠকের পর দলের শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বিস্তারিত জানান। ঢাকা সফরের দ্বিতীয় ও শেষ দিনে মনমোহনের সঙ্গে বৈঠক করলেন খালেদা। ২০০৫ সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দিল্লীতে প্রধানমন্ত্রী মনমোহনের সর্বশেষ সাক্ষাৎ হয়। বৈঠকের আলোচনার বিষয়বস্তু ঠিক করতে মঙ্গলবার রাতে দলের নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনায় বসেছিলেন খালেদা জিয়া। বিএনপি মনমোহনের সফরকে স্বাগত জানালেও দেশবিরোধী কোনো চুক্তি না করতে সরকারকে হুঁশিয়ার করে আসছিলো। চুক্তিগুলো নিয়ে সংসদে আলোচনা না করারও সমালোচনা করে আসছে তারা। দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে মনমোহন বুধবার সন্ধ্যা ৬টার দিকে দিল্লি ফিরে গেছেন। ট্রানজিট বৈঠকে ট্রানজিট আলোচনা প্রসঙ্গে শমসের মবিন বলেন, "কানেক্টিভিটি বিষয়ে খালেদা বলেছেন, 'নীতিগতভাবে আমরা কানেক্টিভিটি চাই। তবে তা কেবল দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নয়, দক্ষিণ পূর্ব এশিয়াসহ চীন পর্যন্ত এই কানেক্টিভিটি নিয়ে যেতে হবে।'" খালেদা জিয়ার 'নীতিগত এই অবস্থানের সঙ্গে' ভারতের প্রধানমন্ত্রী ঐক্যমত পোষণ করেছেন বলে জানান শমসের। "ভারতের প্রধানমন্ত্রীর সফরে সম্পাদিত চুক্তির বিষয়ে খালেদা জিয়া বৈঠকে বলেছেন, ওইসব চুক্তি ও প্রটোকল আমরা পরীক্ষা করে দেখব। তবে ওইসব চুক্তি-প্রটোকল-সমঝোতা স্মারক দেশের প্রয়োজনে ভবিষ্যতে পরিবর্তনের সুযোগ থাকার কথাও বলেছেন তিনি।" বাণিজ্য ঘাটতি শমসের মবিন জানান, মনমোহন সিংয়ের এই সফরে ৪৬টি গার্মেন্ট পণ্যের ভারতের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকারের ঘোষণাকে খালেদা জিয়া একটি অগ্রসরমান পদক্ষেপ বলে অভিহিত করেছেন বলে জানান শমসের মবিন। তিনি জানান, একই সঙ্গে বিরোধীদলীয় নেতা বাংলাদেশের আরও পণ্য ভারতে শুল্কমুক্ত প্রবেশাধিকারের সুযোগ চেয়েছেন। টিপাইমুখ বাধ শমসের মবিন জানান, বৈঠকে খালেদা জিয়া কারিগরি তথ্য বিনিময় ও পরিবেশ সংক্রান্ত জরিপ সম্পাদন না হওয়া পর্যন্ত টিপাইমুখ বাধ প্রকল্প বন্ধ রাখতে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন। "একই সঙ্গে দলের পক্ষ থেকে একটি কারিগরী সমীক্ষা প্রতিনিধি দল টিপাইমুখ বাধ এলাকায় পাঠানোর প্রস্তাবও দেন তিনি।" শমসের মবিন চৌধুরী জানান, ভারতীয় প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে আশ্বস্ত করে বলেছেন, বাংলাদেশের মানুষের ক্ষতি হয় এমন কোনো পদক্ষেপ ভারত নেবে না। এই কথা তিনি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট বক্তৃতায় বলেছেন বলেও খালেদা জিয়াকে জানান মনমোহন সিং। বৈঠকে খালেদা জিয়া সীমান্তে মানুষ হত্যা বন্ধের দাবি জানিয়েছেন বলেও জানান শমসের মবিন। 'আধুনিক বাংলাদেশের অন্যতম নির্মাতা' শমসের মবিন জানান, "মনমোহন সিং খালেদা জিয়াকে আধুনিক বাংলাদেশের অন্যতম নির্মাতা বলে অভিহিত করেছেন। "তিনি বলেছেন, অতীতে আপনার সঙ্গে আমার দেখা হয়েছে। ভবিষ্যতেও দেখা হবে। আপনি ওয়ান অব দ্যা বিল্ডার্স অব মডার্ন বাংলাদেশ। আপনার এবং আপনার দলের সঙ্গে ভবিষ্যতে সম্পর্ক গড়ে তুলতে পারবো বলে আমরা বিশ্বাস করি।" দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা ফোরাম সার্কের উদ্যোক্তা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানও মনমোহন সিং স্মরণ করেছেন বলে জানান শমসের। তিনি বলেন, "মালদ্বীপে অনুষ্ঠিতব্য সার্ক শীর্ষ সম্মেলনে জিয়ার অবদানের কথা তিনি স্মরণ করবেন। মনমোহন বলেছেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে এই অঞ্চলে জনগোষ্ঠীর সমস্যার সমাধান, দারিদ্র্য বিমোচন ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯২০ ঘ.