মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের পদ্মা নদীর হাজরা চ্যানেলে ডুবোচরে আটকা পড়া ফেরিটি সাড়ে তিন ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মাওয়া ঘাটের ব্যবস্থাপক সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বিকাল সোয়া ৪টার দিকে উদ্ধারকারী জাহাজ সহস্রাধিক যাত্রীসহ রো রো ফেরি ভাষা শহীদ বরকত উদ্ধার করে।
দুপুর পৌনে ১টার দিকে এই ফেরিটি মাওয়া যাওয়ার পথে ডুবো চরে আটকা পড়ে। ফেরিটিতে ৪০টি বিভিন্ন ধরনের যানবাহনসহ এবং সহস্রাধিক যাত্রী রয়েছে।
গত ২৯ অগাস্ট একই চ্যানেলে ডুবোচরে প্রায় অর্ধশত গাড়ি নিয়ে আটকা পড়ে ফেরি খান জাহান আলী-২। প্রায় ১০ ঘণ্টা পর এটিকে উদ্ধার করা হয়।
এর আগের দিন আটকা পরে ডাম্পফেরি রামশ্রী। নাব্যতা সঙ্কটের কারণে ফেরিটির কাছে উদ্ধারকারী জাহাজ পৌঁছাতে না পারায় পাঁচদিন পরে উদ্ধার করা হয় সেটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৬৫০ ঘ.
bdnews24