২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র মামলায় জামিন মেলেনি নিজামীর

১০ ট্রাক অস্ত্র মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ তিন জনের জামিন আবেদন নাকচ করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2011, 07:38 AM

Updated : 24 Aug 2022, 03:55 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ তিন জনের জামিন আবেদন নাকচ করেছে আদালত। অন্য দুজন হলেন- চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) তৎকালীন মহাব্যবস্থাপক (প্রশাসন) কেএম এনামুল হক ও চোরাচালানি দীন মোহাম্মদ। বুধবার মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম মজিবুর রহমান তাদের জামিন নামঞ্জুর করেন। এছাড়া মামলার দুই পলাতক আসামি সাবেক শিল্পসচিব মো. নুরুল আমিন ও ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা নেতা পরেশ বড়ুয়াকে আদালতে হাজির হতে ৩ অক্টোবের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেওয়া হয়েছে। ৩ অক্টোবর এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শুনানি শেষে সাংবাদিকদের বলেন, মামলাটি স্পর্শকাতর এবং এর সঙ্গে সংশ্লিষ্টদের স্পষ্ট যোগসূত্র থাকায় তিন জনের জামিন না মঞ্জুর করেছে আাদলত। এছাড়া পলাতক দুই আসামিকে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশও দিয়েছেন আদালত। শুনানি শেষে আদালতের অনুমতি নিয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তার পাঁচ আইনজীবীর সঙ্গে এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার শাহাবুদ্দিন তার স্ত্রী ও মেয়ের সঙ্গে কথা বলেন। মামলার শুনানিকালে নিজামী, বাবর ছাড়াও এনএসআই'র সাবেক দুই প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, সাবেক উপ-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেন, সাবেক ফিল্ড অফিসার আকবর হোসেন খান, সিইউএফএল'র সাবেক এমডি মোহসিন উদ্দিন তালুকদার, সাবেক জিএম এনামুল হক, চোরাকারবারি দীন মোহাম্মদ ও হাফিজুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়। ওই ঘটনায় কর্ণফুলী থানা পুলিশ বাদি হয়ে অস্ত্র ও চোরাচালান আইনে মামলা দুটি করে। চারদলীয় জোট সরকারের সময় এ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয় বলে অভিযোগ রয়েছে। কয়েকজন তদন্ত কর্মকর্তার হাত ঘুরে সিআইডির সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরী প্রায় সাড়ে তিন বছর অধিকতর তদন্ত শেষে গত ২৬ জুন অস্ত্র ও চোরাচালান মামলার পৃথক সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। নতুন ১১ জনের নাম যোগ হওয়ায় অস্ত্র মামলায় আসামির সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জন। আর চোরাচালান মামলায় আসামি ৫২ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৬৩১ ঘ.