ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিস্তা চুক্তি না হওয়াকে দুর্ভাগ্যজনক মন্তব্য করে এ নিয়ে জটিলতার অবসানে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।
তিনি বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক বক্তৃতায় বলেন, "আমি আশাবাদী ছিলাম এ সফরে আমরা তিস্তার পানি বণ্টন নিয়ে একটি চুক্তিতে পৌঁছতে পারবো। গ্রহণযোগ্য একটি সমাধানে পৌঁছতে দুই পক্ষই কঠোর পরিশ্রম করেছে। দুর্ভাগ্যজনকভাবে নির্ধারিত সময়ের মধ্যে এ উদ্যোগ সফল হয়নি।"
"আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভারত ও বাংলাদেশের, যারা আমরা নদীটির পানির ওপর নির্ভরশীল, জন্য কল্যাণকর একটি নির্ভরযোগ্য পদ্ধতি বের বলেছি", যোগ করেন ভারতের প্রধানমন্ত্রী।
ঢাকা সফরের দ্বিতীয় ও শেষ দিনে সকাল ১১টায় 'ভারত, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া' শীর্ষক এ বক্তৃতা দেন ভারতীয় প্রধানমন্ত্রী।
মনমোহনের বহুপ্রতীক্ষিত এ সফরে তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও পানি বণ্টন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আপত্তিতে তা আটকে যায়। তিস্তা চুক্তি না হলেও সীমান্ত সমস্যা সমাধানে দুই পক্ষের মতৈক্য হয়েছে।
মনমোহন বলেন, "আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কে সবচে বড় চ্যালেঞ্জ হচ্ছে কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা। এ ক্ষেত্রে প্রধান গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে সীমান্তে স্থিতিশীল পরিবেশ তৈরি করতে সীমানা নির্ধারণ। এ কারণে দুই দেশের সরকারই 'দেয়া-নেয়া' প্রথায় সীমানা সমস্যা সমাধানের জন্য কঠোর পরিশ্রম করছে। এ জন্য ছিটমহল, অপদখলীয় ভূমি নিয়ে একটি প্রটোকল স্বাক্ষরিত হয়েছে।"
টিপাইমুখ বাঁধ বিষয়ে তিনি বলেন, "আমি জনসম্মুখে বিবৃতি দিচ্ছি এবং এটা স্পষ্ট করছি যে বাংলাদেশের ক্ষতি হয়, এমন কিছু করবে না ভারত।"
সীমান্তে 'অবৈধ কার্যক্রম' যাতে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কে অবনতি ঘটাতে না পারে সে জন্য দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর একযোগে কাজ করার ওপর গুরুত্ব দেন ভারতের প্রধানমন্ত্রী।
তিনি বলেন, "ভারত-বাংলাদেশ দুই রাষ্ট্রই উগ্রবাদ ও মৌলবাদের কারণে ঝুঁকিপূর্ণ। এসব শক্তি আমাদের সামাজিক শক্তিকে নস্যাৎ করছে, আমাদের রাষ্ট্রীয় পদ্ধতিকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে এবং সামাজিক-অর্থনৈতিক উন্নতিকে আটকে দিচ্ছে।"
মনমোহন যখন এ কথা বলছিলেন, ঠিক তখনি নয়া দিল্লিতে হাইকোর্টের সামনে বোমা হামলায় নিহত হয় অন্তত ১১ জন। একটি জঙ্গি গোষ্ঠী ওই হামলার দায়িত্ব্ স্বীকার করেছে।
ভারতীয় প্রধানমন্ত্রী সন্ত্রাস দমনে বাংলাদেশের সহায়তার প্রশংসা করেন।
বাংলাদেশ-ভারতের সম্পর্কের বিষয়ে মনমোহন বলেন, "আমরা সবসময়ের জন্য প্রতিবেশী ও বন্ধু হয়ে থাকবো। যদি আমরা ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি 'নতুন সমন্বিত মডেল' গ্রহণ করতে পারি, তাহলে তা দক্ষিণ এশিয়ায়ও প্রভাব ফেলবে।"
দুই দেশের সাংস্কৃতিক ঐকতানের কথাও তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী।
"এখানকার মানুষ এক সঙ্গে হজ পালন করে, আজমীর শরীফে মিলিত হয় আর সীমান্তের দুই পাশ থেকেই রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের সাহিত্যকর্ম পড়া হয়। এখানকার ভূমি আর জনগণ একই সঙ্গে গঙ্গা ও ব্রহ্মপুত্রের পানির ওপর নির্ভর করেই বেঁচে আছে", বলেন তিনি।
দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা ও যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেন ভারতের প্রধানমন্ত্রী। "আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে কিছু প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা রয়েছে। কিন্তু আমাদের জনগণের নিজস্ব সমস্যা সমাধানে নিজস্ব উদ্যোগ গ্রহণের উদ্ভাবনী শক্তি ও সক্ষমতা রয়েছে", যোগ করেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক সৈয়দ রেজাউর রহমান।
মনমোহন সিংয়ের স্ত্রী গুরুশরণ কাউর, সফরসঙ্গী আসামের মুখ্যমন্ত্রী তরুণ গোগৈ এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারও অনুষ্ঠানে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০৬ ঘ.
bdnews24