মইনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহুল আলোচিত তিস্তা চুক্তির অনিশ্চয়তা ছায়া ফেলেছে মনমোহন সিংয়ের সফরে।
বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আপাতত তিস্তা চুক্তি হচ্ছে না। এ খবর দিয়ে কলকাতার বর্তমান পত্রিকা একটি প্রতিবেদনের শিরোনাম করেছে 'গুরুত্ব হারালো প্রধানমন্ত্রীর সফর'। আর ভারতের সবচে বেশি পঠিত বাংলা সংবাদপত্র একটি প্রতিবেদনের শিরোনাম করেছে 'চুক্তি হচ্ছে না খবরে অস্বস্তি বেড়ে গেল ঢাকার'।
তিস্তা চুক্তি নিয়ে ঘটনাপ্রবাহের হঠাৎ দিকবদলে বিষ্ময় ও হতাশা প্রকাশ করেছেন সরকারের শরিক দলগুলোর রাজনীতিবিদরাও।
জাতীয় পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দলের শীর্ষ নেতারা বলছেন, দুই দেশের আস্থা-বিশ্বাসের অবস্থানে ভারতের কেন্দ্রীয় সরকারের আন্তরিকতা সত্ত্বেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিপরীতমুখী অবস্থানে হতাশ হয়েছে বাংলাদেশের মানুষ।
দুই দিনের সফরে মঙ্গলবার বেলা পৌনে ১২টায় ঢাকা পৌঁছান মনমোহন সিং। শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর পর ১৯ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাগত জানানো হয় তাকে। ভারতীয় প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মনমোহনের সঙ্গে তার স্ত্রী গুরশরণ কাউর ও পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা এলেও পানিসম্পদমন্ত্রী পবন কুমার বানসাল আসেননি। ফলে তিস্তা চুক্তির অনিশ্চয়তা আরো স্পষ্ট হয়ে উঠলো।
আর মনমোহনের সফরসঙ্গীর তালিকায় থাকলেও তিস্তার পানি ভাগাভাগি নিয়ে আপত্তি তুলে সোমবার সফর থেকে নাম প্রত্যাহার করে নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তার সেই সিদ্ধান্তের পরই আশাবাদের আকাশে অনিশ্চয়তার মেঘ জমতে শুরু করে।
বেঁকে বসা মমতাকে সোমবার রাতে টেলিফোন করে মনমোহন সিং আশ্বস্ত করেন, তার সফরে এমন কোনো চুক্তি হবে না, যা পশ্চিমবঙ্গের স্বার্থ ক্ষুন্ন করবে।
তারপরও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সোমবার রাতে সাংবাদিকদের বলেন, মনমোহন সিংয়ের সফরে অন্যান্য বিষয়ের সঙ্গে তিস্তার পনি বণ্টন নিয়েও চুক্তি হবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করে সরকার।
তবে বাংলাদেশ সরকারও যে স্বস্তিতে নেই তা বোঝা যায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৎপরতায়। চুক্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যে সকালে ভারতীয় হাইকমিশনার রাজীত মিত্রকে ডেকে বৈঠক করেন পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের মহা পরিচালক শামিম আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে তাদের মধ্যে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।"
এর আগে সোমবার রাতে মিজারুল কায়েস বলেছিলেন, তিস্তা চুক্তির অনিশ্চয়তা নিয়ে গণমাধ্যমে যেসব খবর প্রকাশিত হয়েছে, সে বিষয়ে ভারত সরকারের ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিভিন্ন টেলিভিশনের খবরে বলা হয়েছে, তিস্তা চুক্তি না হলে ট্রানজিটের আলোচনায় বাংলাদেশ আগ্রহী নয়- এমন ইঙ্গিত ভারতীয় পক্ষকে ইতোমধ্যে দিয়েছে সরকার।
যদিও এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি পররাষ্ট্র সচিব। সোনারগাঁও হোটেলে তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করেন- "আমি কাকে বলেছি?"
তিস্তা চুক্তি কী হচ্ছে না- জানতে চাওয়া হলে সরাসরি উত্তর এড়িয়ে যান সচিব। তিনি বলেন, "আমরা সব কিছু ইনক্রিমেন্টালি দেখছি। একটা চুক্তি সই না হওয়া মানে, এটা যদি আমরা ইনক্রিমেন্টালি দেখি, আমাদের চেষ্টা হলো এঙ্গেজ থাকা। যদি ট্রেন্ডটা ধরে রাখতে পারি, তবে এগিয়ে যেতে পারবো।"
সোনারগাঁও হোটেলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মিজারুল।
ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে দীপু মনি সাংবাদিকদের বলেন, "রিজিউনাল সহযোগিতার ধারণায় ভারত উদ্বুদ্ধ হয়েছে বাংলাদেশের উদ্যোগে। তিনি (মনমোহন) মনে করে, এ উদ্যোগ সফল হবে।"
তিস্তার বিষয়টি বাদেও ফেনী নদীর পানি বণ্টন নিয়ে চুক্তি হওয়ার কথা রয়েছে মনমোহন সিংয়ের এই সফরে। চুক্তি হবে 'সহযোগিতার রূপরেখা' নিয়েও। এছাড়া ট্রানজিট বাস্তবায়নে সম্মতিপত্র বিনিময়েরও কথা রয়েছে দুই প্রধানমন্ত্রীর বৈঠকে। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই পক্ষের এই শীর্ষ বৈঠক হবে।
'কী ভাবলাম, কী হলো'
বহু প্রতিক্ষিত তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে শেষ মুহূর্তের এই অনিশ্চয়তাকে অনাকাঙ্খিত বলে উল্লেখ করেছেন মহাজোট সরকারের শরিকরাও। তবে দুই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ বিষয়ে সমঝোতার পথ প্রসারিত হবে বলে আশা করছেন তারা।
জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যেখানে উভয়পক্ষই তিস্তা চুক্তির বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছিল, সেখানে চুক্তি স্বাক্ষরের কয়েক ঘণ্টা আগে এ ধরনের অনিশ্চয়তা অনাকাঙ্খিত।"
তিনি বিস্ময় প্রকাশ করেন, "যে চুক্তি নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের আন্তরিকতার অভাব নেই, সেখানে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্মতি না জানানো পুরো জাতিকে অবাক করেছে।"
"আমরা কী ভাবলাম, আর কী হলো," হতাশা প্রকাশ করেন হাওলাদার।
তিনি বলেন, "পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর বিজয়ে বাংলাদেশের জনগণ খুশি হয়েছিল। কিন্তু এখন তার অবস্থানে আমরা হতাশ।"
জাতীয় পার্টির মহাসচিব আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠকে সব ধরনের বিষয়ে ইতিবাচক সমাধান আসবে।
'অভ্যন্তরীণ বিশৃঙ্খলার বহিঃপ্রকাশ'
তিস্তা চুক্তি নিয়ে যা হলো তাতে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের বিশৃঙ্খলার বহিঃপ্রকাশ ঘটেছে বলেই মনে করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "এ এক বিস্ময়কর অবস্থা। এটা কীভাবে সম্ভব- কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের সমঝোতা ছাড়া বাংলাদেশ-ভারতের এ প্রক্রিয়া এতোখানি এগোলো কী করে?"
রাজ্য সরকারের 'ঐক্যমত্য' অর্জন করেই প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশে আসা উচিত ছিল বলেও মন্তব্য করেন ইনু।
"বিদ্যমান অনিশ্চিত পরিস্থিতিতে আমরা হতাশ। এ সফরে তিস্তা চুক্তি না হলেও দ্রুত এবং খুবই দ্রুত এ অবস্থা থেকে উত্তারণের মতো পরিস্থিতি তৈরি হবে আশা করি।"
'
এটা দুর্ভাগ্যজনক'
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিস্তা চুক্তি না হলে তা হবে দুর্ভাগ্যজনক। ভারতের উদ্বেগের কারণে শেষ মুহূর্তে এ চুক্তি বাধার মুখে পড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
"এতে দুই দেশের সম্পর্কে কালো ছায়া পড়বে। সন্দেহ ও অবিশ্বাসের পথ তৈরি করবে। আশা করি, দুই প্রধানমন্ত্রীর বৈঠকে এ বিষয়ে ইতিবাচক অবস্থার পথ উন্মুক্ত হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরবি/জেকে/এমআই/১৭৪০ ঘ.
bdnews24