ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের সঙ্গে সম্ভাব্য চুক্তিগুলো প্রকাশ না করার বিএনপি সন্দেহ প্রকাশ করেছে, এ সব চুক্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা হচ্ছে না।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফর শুরুর দিন মঙ্গলবার বিকালে সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে বিএনপির সংসদ সদস্য মাহবুবউদ্দিন খোকন বলেন, "চুক্তির বিষয়ে বিরোধী দলের সংসদ সদস্য তো দূরের কথা, সরকারি দলের সংসদ সদস্যরা কিছুই জানেন না। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকেও এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।"
"আমরা জানতে চাই, দেশের স্বার্থেই চুক্তিগুলো হলে কেন এত গোপনীয়তা দেখানো হচ্ছে", বলেন তিনি।
দুই দিনের সফরে দুপুরে ঢাকায় পৌঁছেছেন মনমোহন। তার এ সফরে অভিন্ন নদীর পানি বণ্টন, ভারত থেকে বিদ্যুৎ কেনাসহ কয়েকটি বিষয়ে চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারক এবং ট্রানজিট বাস্তবায়নের লক্ষ্যে সম্মতিপত্র স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য মাহবুবউদ্দিন ভারতের সঙ্গে সম্ভাব্য চুক্তি ও সমঝোতাপত্র জনসমক্ষে প্রকাশের দাবি জানান।
তিনি বলেন, "ভারত সরকার যেসব চুক্তি করতে যাচ্ছে, তা নিয়ে বিরোধী দল, রাজ্য সরকারসহ সবার সঙ্গে আলোচনা করেছে। অথচ আমাদের সরকার কারো সঙ্গে আলোচনা করছে না।"
"ভারতের প্রধানমন্ত্রী মনমোহন ঢাকায় এসেছেন নির্বাচিত মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের নিয়ে। আর আমাদের প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে চুক্তি করার সব দায়িত্ব দিয়েছেন অনির্বাচিত এক জন উপদেষ্টার কাছে", যোগ করেন তিনি।
বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিনের সন্দেহ প্রটোকলের আড়ালে ট্রানজিট ও বন্দর সুবিধার নামে সরকার ভারতকে করিডোর দেওয়ার সম্মতিপত্র ও ইন্দিরা-মুজিব চুক্তির আদলে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট করে দেশের স্বার্থ 'বিকিয়ে' দেওয়া হবে।
"এরূপ চুক্তি ও সমঝোতা হলে বিএনপি ও দেশের জনগন তা মেনে নেবে না", সরকারকে হুঁশিয়ার করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭১০ ঘ.
bdnews24