দিনাজপুর, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষতিপূরণের দাবিতে বুধবার থেকে আমরণ অনশনে যাচ্ছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।
বড়পুকুরিয়া জীবন ও সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক ইব্রাহীম খলিল মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্তদের জন্য সরকার গত এপ্রিলে ১৯০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু জেলা প্রশাসন ও বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষ (বিসিএমসিএল) সেই টাকা আটকে রেখেছে।
"ফলে বাধ্য হয়েই বুধবার থেকে আমরণ অনশনে বসতে হচ্ছে আমাদের।"
এ ব্যাপারে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যাবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, ভূমি জরিপের বিষয়টি জেলা প্রশাসকের আওতায়। জুলাই মাসে কয়লা খনি এলাকায় জরিপের কাজ শেষ হয়েছে। জরিপের কাগজপত্র জেলা প্রশাসকের দপ্তরে জমা দেওয়া হয়েছে। কবে নাগাদ ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে জেলা প্রশাসনই তা ঠিক করবে।
আর জেলা প্রশাসক জামাল উদ্দিন বলছেন, আগামী ১৫ দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা দিয়ে দেওয়া হবে।
তার অভিযোগ, "কিছু লোক অসৎ উদ্দেশ্যে ঘোলা পনিতে মাছ শিকারের ষড়যন্ত্র করছে।"
বড়পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন শুরুর পর আশেপাশের ১০টি গ্রামের আবাদী জমি বসতভিটা, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির ও ঈদগাহ মাঠ পানিতে তলিয়ে যায়।
এর ক্ষতিপূরণের দাবিতে ক্ষতিগ্রস্তরা গত ৪ বছর ধরে আন্দোলন করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৬০৩ ঘ.
bdnews24