নওগাঁ, সেপ্টম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর পোরশা উপজেলায় এক পোশাক শ্রমিক ধর্ষণের শিকার হয়েছেন।
রোববার সন্ধ্যায় কাতিপুর সরাইগাতি গ্রামে এ ঘটনা ঘটে। মেয়েটির বাড়ি নওগাঁর শাপাহার উপজেলার মির্জাপুর গ্রামে।
তিনি ঢাকায় একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন।
এ ঘটনায় সোমবার কাতিপুর সরাইগাতি গ্রামের বলবুল আহমেদসহ (৩২) দুইজনকে আসামি করে পোরশা থানায় মামলা করেছে নির্যাতিত মেয়েটি।
বুলবুল আহমেদ কাতিপুর সরাইগাতি গ্রামের গোলাম মোস্তফার ছেলে বলে পুলিশ জানিয়েছে।
পোরশা থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদের ছুটি শেষে মেয়েটি ঢাকা যাওয়ার জন্য বাসে উঠতে রোববার দুপুরে পোরশার সরাইগাতি যান। ওখানে বুলবুল আহমেদের সঙ্গে পরিচয় হয়।
বুলবুল আহমেদ তাকে জানায় সন্ধ্যার আগে ঢাকার কোনো বাস নেই। একথা বলে তাকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করিয়ে কৌশলে তার বাড়ি নিয়ে ধর্ষণ করে। এ সময় অপর আসামি বুলবুলকে সহায়তা করে।
পরে তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে বুলবুল পালিয়ে যায়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, বুলবুল আহমেদ এবং অজ্ঞাত আরো একজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার পর মেয়েটিকে তার বাবার হেফাজতে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৫ ঘ.
bdnews24