গাইবান্ধা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিস্তা নদীর পানি কমতে থাকার সঙ্গে সঙ্গে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া, বেলকা, হরিপুর ও চ-িপুর ইউনিয়নের ব্যাপক ভাঙন চলছে।
গত একমাসে কাপাসিয়া ইউনিয়নের পূর্ব লালচামার, লালচামার, উজান বুড়াইল, কালাইসোতা ভাটিবুড়াইল ও পোড়ারচর গ্রামের এক হাজারের বেশি পরিবারের বসতভিটা, কয়েক হাজার একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।
কাপাসিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মঞ্জু মিয়া জানান, একমাসে ইউনিয়নের চারটি গ্রামের বিশাল অংশ নদীগর্ভে চলে গেছে।
আশ্রয়হীন লোকজন বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে।
তিনি আরো বলেন, "ভাঙন প্রতিরোধে দ্রুত পদক্ষেপ না নিলে চলতি বছরেই কাপাসিয়াসহ আশপাশের বিভিন্ন গ্রাম ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়বে।"
কাপাসিয়া ইউনিয়নের লালচামার গ্রামের মোহাম্মদ আলী (৬০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নদী ভাঙনের কারণে গত একমাসে তিনি চারবার বসত-বাড়ি স্থানান্তর করেছেন।
তিনি জানান, প্রতিদিন অন্তত ২০ থেকে ৩০টি করে পরিবার ভাঙনের শিকার হচ্ছে।
একই গ্রামের জামিরন বেওয়ার সবকিছুও নদীগর্ভে হারিয়ে গেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুল আজম ভাঙন কবলিত এলাকা পরির্দশন শেষে জানান, নদী ভাঙনে উপজেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইউনিয়ন হলো কাপাসিয়া।
এছাড়া বেলকা, হরিপুর ও চ-িপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে গত কয়েকদিনে কমপক্ষে পাঁচশ' পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে বিলিন হয়েছে।
তিনি আরো জানান, গৃহহারা মানুষদের সহযোগিতার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দেওয়া হবে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন জানান, তাৎক্ষণিকভাবে ভা ন প্রতিরোধে কাজ করার মতো তাদের কাছে কোন অর্থ নাই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৮ ঘ.
bdnews24