২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড় ও কুড়িগ্রামে ছিটমহলবাসীর বিক্ষোভ

পঞ্চগড় ও কুড়িগ্রামে অবস্থিত ভারতীয় ছিটমহলের নাগরিকরা চুয়াত্তর সালের ইন্দিরা-মুজিব চুক্তি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 12:41 PM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড় ও কুড়িগ্রামে অবস্থিত ভারতীয় ছিটমহলের নাগরিকরা চুয়াত্তর সালের ইন্দিরা-মুজিব চুক্তি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করেছে। সোমবার বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি এ বিক্ষোভের আয়োজন করে বলে স্থানীয়রা জানান। বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ভারতীয় ছিটমহল রয়েছে। এরমধ্যে পঞ্চগড়ে রয়েছে ১২টি এবং কুড়িগ্রামে ৫৫টি। জুলাই মাসে বাংলাদেশ-ভারত দুই দেশের যৌথ উদ্যোগে এসব ছিটমহলে জনগণনা করা হয়। দুদিনের সফরে মঙ্গলবার দুপুরে ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। তার সফরকে সামনে রেখে এ বিক্ষোভের আয়োজন করা হয় বলে ছিটমহলবাসীরা জানান। পঞ্চগড় প্রতিনিধি জানান, সকালে বিভিন্ন ছিটমহলের নাগরিকরা পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হন। পরে তারা 'ইন্দিরা-মুজিব চুক্তি, ছিটমহলবাসীর মুক্তি', 'দাবি মোদের একটাই, বাংলাদেশি হতে চাই'সহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করেন। কয়েকশ' মানুষের মিছিলটি পরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সদর উপজেলা ভাইস চেয়ারম্যন আনোয়ার সাদাত সম্রাট, গারাতি ছিটমহল নাগরিক কমিটির চেয়ারম্যান মফিদার রহমান, শালবাড়ি ছিটমহলের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। সমাবেশে বক্তারা বলেন, গত ছয় দশক ধরে ছিটমহল সমস্যা ঝুলে আছে। এরমধ্যে কয়েকটি চুক্তি হলেও তার কোনো বাস্তবায়ন হয়নি। পঞ্চগড়ের নাজিরগঞ্জ ছিটমহলের বাসিন্দা জয় প্রকাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাদেশের নাগরিকত্বের দাবিতে ছিটমহলবাসী দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরকে সামনে রেখে এ বিক্ষোভ হয়। কুড়িগ্রাম প্রতিনিধি জানান, দুপুরে ফুলবাড়ি ও ভূরুঙ্গামারী থেকে ভারতীয় ছিটমহলের কয়েক হাজার মানুষ মিছিল নিয়ে জেলা শহরে আসে। মিছিল করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, দাশিয়ারছড়া ছিটমহল শাখার সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান মইনুল হক, ফুলবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ শাহাদাৎ হোসেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৩২ ঘ.