২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পী অজিত রায়কে শেষ বিদায়

কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর দুপুরে পোস্তগোলা শ্মশানে বরেণ্য সঙ্গীতশিল্পী অজিত রায়কে দাহ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 07:41 AM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক সঙ্গীতশিল্পী অজিত রায়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। দুপুর আড়াইটার দিকে পোস্তগোলা শ্মশানে তাকে দাহ করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় অজিত রায়ের মরদেহ। সেখানে সর্বস্তরের মানুষ এই বরেণ্য শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান শেষে জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, "ব্যক্তি হিসেবে নয়, একটি প্রতিষ্ঠান হিসেবে নিজেকে জাতির কাছে পরিচিত করতে পেরেছিলেন বরেণ্য শিল্পী অজিত রায়। সা¤প্রদায়িতকা-কুসংস্কারমুক্ত ও সর্বপোরি শান্তিময় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন তিনি। এ কারণে স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের প্রতিষ্ঠা, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং স্বৈরাচার ও মৌলবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা নিয়েছিলেন তিনি।" অনুষ্ঠানে অজিত রায়ের গড়া সংগঠন অভ্যুদয়ের শিল্পীরা শোক সঙ্গীত পরিবেশন করে গুরুর প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন করা সংগঠনগুলোর মধ্যে ছিলো- সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাতীয় কবিতা পরিষদ, ছায়ানট, রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, বাংলাদেশ গ্র"প থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ, বাংলা একাডেমী, আওয়ামী লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণসংহতি আন্দোলন। এ ছাড়া তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন তার এপিএস আবদুস ও ব্যক্তিগত সহকারী সাইফুজ্জামান শিখর, আওয়ামী লীগের পক্ষ থেকে এর উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিউটের সভাপতি রামেন্দু মজুমদার, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী প্রমুখ। শ্রদ্ধা নিবেদন শেষে আসাদুজ্জামান নূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন যারা অজিত রায়কে দেখছেন তার প্রকৃত অজিত রায়কে চেনেন না। তাকে চিনতে হলে আমাদের ফিরে যেতে হবে একাত্তরের উত্তাল দিনগুলোতে। প্রকৃত অর্থেই তিনি একজন গণমানুষের শিল্পী ছিলেন।" আলী যাকের বলেন, "রবীন্দ্রনাথকে কীভাবে যুদ্ধের হাতিয়ার বানাতে হয় তা অজিত দা শিখিয়েছেন। তিনি কখনও আদর্শের সঙ্গে আপোষ করেননি।" শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ রামকৃষ্ণ মিশনে নিয়ে যাওয়া হয়। মিশনে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তাকে দাহ করা হয় পোস্তগোলা শ্মশানে। এর আগে সকালে বারডেম হাসপাতালের হিমাগার থেকে মরদেহ অজিত রায়ের কল্যাণপুরের বাসায় নেওয়া হয়। সেখান থেকে বাংলাদেশ বেতারে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডব্লিউ/এএল/১৭২৫ ঘ.