২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন হয়রানির দায়ে চট্টগ্রামে শিক্ষক চাকরিচ্যুৎ

ছাত্রীকে যৌন হয়রানির অপরাধে চাকরিচ্যুৎ হয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) পরিচালিত এক স্কুলের শিক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2011, 03:56 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রীকে যৌন হয়রানির অপরাধে চাকরিচ্যুৎ হয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) পরিচালিত এক স্কুলের শিক্ষক। সুমন কান্তি শীল নামে ওই শিক্ষককে বুধবার সিসিসি'র শিক্ষা বিভাগের আদেশে চাকরিচ্যুৎ করা হয়। তার চাকরিচ্যুতির এ আদেশ রোববার থেকে কার্যকর হয়েছে। তিনি নগরীর আমতল মোড়ে অবস্থিত কৃঞ্চকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী শিক্ষক ছিলেন। সিসিসি'র প্রধান শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সারওয়ার-ই আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রীকে যৌন হয়রানির বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বাংলাদেশ স্থানীয় সরকার পরিষদ কর্মচারী (দক্ষতা ও শৃঙ্খলা) বিধি ১৯৬৮ এর ৩ (খ) অনুযায়ী সুমন শীলকে চাকরিচ্যুৎ করা হয়। তিনি বলেন, "যৌন হয়রানির অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হলে ওই শিক্ষকে দুইবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। সে কারণে চাকরি বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এ বছরের ১৪ ফেব্র"য়ারি কৃঞ্চকুমারী স্কুলের এক ছাত্রী সুমনের বাসায় প্রাইভেট পড়তে গেলে যৌন হয়রানির শিকার হন। বিষয়টি ওই ছাত্রী তার অভিভাবককে জানান। তারা স্কুল কর্তৃপক্ষকে অবহিত করলে শাস্তিমূলক ব্যবস্থার পরিবর্তে তার কাছ থেকে একটি মুচলেকা নেওয়া হয়। এতে অভিভাবক অসন্তুষ্ট হয়ে মেয়র মনজুর আলম বরাবর গত ৬ এপ্রিল অভিযোগ করেন। এ প্রেক্ষিতে সিসিসি'র শিক্ষা বিভাগের গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে যৌন হয়রানির বিষয়টি ধরা পড়ে। প্রাথমিকভাবে তখন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১৫২ ঘ.