চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শপথ নিতে গিয়ে গ্রেপ্তার হয়ে কারাগারে গেলেন চট্টগ্রামের এক ইউপি চেয়ারম্যান।
রোববার দুপুর পৌনে ২টার দিকে চট্টগ্রাম আদালত ভবন সংলগ্ন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে পুলিশ রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে গ্রেপ্তার করে।
তাকে বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে।
হোসেন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ঘনিষ্ঠ।
পাঁচলাইশ থানার ওসি ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অর্থ জালিয়াতির একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
নগরীর পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি অর্থ জালিয়াতির মামলায় হোসেনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। তার বিরুদ্ধে বোয়ালখালী থানায় একটি খুনের মামলাও রয়েছে।
রোববার বেলা ৩টায় চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে তার শপথ গ্রহণের সময় নির্ধারিত ছিল। তবে তিনি হাজির না হওয়ায় শপথ হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১১৮ ঘ.
bdnews24