মৌলভীবাজার, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মামলার তদন্তে যাওয়া পুলিশের কাছ থেকে আসামিপক্ষের লোকজন একটি রাইফেল ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ সময় তাদের মারধরে দুই পুলিশ সদস্য আহত হন। পরে স্থানীয় চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে রাইফেলটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
রোববার বিকালে কালিছলি গ্রামের এ ঘটনায় জড়িত অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ।
আহত দুই পুলিশ সদস্য কনস্টেবল নূর উদ্দীন ও আদ্রছ আলীকে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুধীন চন্দ্র দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৮/১০ বছর আগে অ্যাডভোকেট আব্দুল আহাদের একটি জমি স্থানীয় কিছু লোক দখল করে। এর জেরে আহাদের ছোট ভাই জাহাঙ্গীর আলম প্রতিপক্ষের হাতে খুন হন।
ওইদিনই এ হত্যার ঘটনায় মকবুল আলী, ইমান আলী, ইব্রাহীম, ওসমান, রশীদকে আসামি করে মামলা করা হয়। এরমধ্যে মকবুল, ইব্রাহিম ও ওসমান গত জুন মাসে জামিনে বের হয়ে আবারো ওই জমি দখল করে নেয়।
এ ব্যাপারে আহাদ আলী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনাটি তদন্ত করতে তার নেতৃত্বে পুলিশের একটি দল কালিছলি গ্রামে গেলে মকবুল, কামরুল, বাবুল, মন্নাফ, ইন্তাজ, নাসির, আহাদ, হাসিমসহ কয়েকজন পুলিশের উপর হামলা চালায়। এ সময় আসামিরা দুই পুলিশ সদস্যকে আহত করে একটি রাইফেল ছিনিয়ে নেয়।
হামলার পর পুলিশ ঘটনাস্থল থেকে ফিরে আসে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ফজলুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আবার ঘটনাস্থলে গিয়ে রাইফেলটি উদ্ধার করে।
কমলগঞ্জ থানার ওসি মো. নাজিম উদ্দিন জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে পুলিশের ছিনতাই হওয়া রাইফেলটি কালিছলি গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। এসময় তিন জনকে আটক করা হয়।
এরা হলেন মকবুল আলীর স্ত্রী হোসনা বেগম (৩৫), ইমান আলীর স্ত্রী সদর বিবি (৫৫) এবং ইমান আলীর নাত বউ (২০)।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৩৯ ঘ.
bdnews24