২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়া কয়লা খনিতে ধর্মঘট অব্যাহত

চাকরি স্থায়ী করাসহ বিভিন্ন দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকরা ধর্মঘট অব্যাহত রেখেছে। তবে রোববার থেকে খনিতে কয়লা উত্তোলনের কাজ চলছে বলে জানিয়েছে খনি কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2011, 06:43 AM

Updated : 24 Aug 2022, 03:53 PM

দিনাজপুর, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরি স্থায়ী করাসহ বিভিন্ন দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকরা ধর্মঘট অব্যাহত রেখেছে। তবে রোববার থেকে খনিতে কয়লা উত্তোলনের কাজ চলছে বলে জানিয়েছে খনি কর্তৃপক্ষ। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান জানান, শ্রমিকদের কর্মবিরতি চললেও কয়লা উত্তোলন অব্যাহত রয়েছে। চীনা শ্রমিক এবং বিসিএমসিএল-এর নিজস্ব শ্রমিকরা কয়লা উত্তোলন চালিয়ে যাচ্ছে। তবে উত্তোলণের পরিমাণ কমে এসেছে বলে জানান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকালে বড়পুকুরিয়া খনির গেটের সামনে প্রতিদিনের মতোই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ধর্মঘটী শ্রমিকরা। ১৩ দিন ধরে এই ধর্মঘট চালাচ্ছে শ্রমিকরা। ঈদের কারণে ২৮ অগাস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ধর্মঘট স্থগিত ছিল। এই খনির এক হাজারের বেশি শ্রমিক গত ২৩ অগাস্ট অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করলে কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। খনি কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের তিনদফা আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি। শ্রমিকদের অভিযোগ, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান জুজু মেশিনারজি কোম্পানি (এক্সএমসি) বিভিন্ন সময় চাকরি স্থায়ী করার প্রতিশ্র"তি দিলেও তা রক্ষা করেনি। গত বছরের ১০ অক্টোবর বড়পুকুরিয়া কয়লা খনির সঙ্গে এক্সএমসির চুক্তির মেয়াদ শেষ হয়। পেট্রোবাংলা ১১ অক্টোবর ওই কোম্পানির সঙ্গে পুনরায় ছয় বছরের জন্য চুক্তি করে। কিন্তু চুক্তিতে শ্রমিকদের দাবিগুলো উপেক্ষিত হয় বলে শ্রমিকরা জানান। বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম জানান, এক্সএমসি'র অধীনে ১ হাজার ৮৬ জন শ্রমিক সরাসরি কয়লা তোলার সঙ্গে জড়িত। এছাড়া বিসিএমসিএল'র অধীনে রয়েছে আরো ২২৬ জন শ্রমিক। বিসিএমসিএল-এর শ্রমিকরা পে-স্কেলভিত্তিক বেতন-ভাতা পেলেও এক্সএমসি'র শ্রমিকরা সে সুবিধা থেকে বঞ্চিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১২৪০ ঘ.