২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় যুবককে কুপিয়ে হত্যা

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় মাগুরার শ্রীপুর উপজেলায় এক যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2011, 08:28 PM

Updated : 24 Aug 2022, 03:52 PM

মাগুরা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় মাগুরার শ্রীপুর উপজেলায় এক যুবকের মৃত্যু হয়েছে। পিয়ারপুর গ্রামে শনিবার দুপুরে এ হামলায় হয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানিয়েছে। নিহত নাজমুল হোসেন (২৪) ওই গ্রামের সিয়াম বিশ্বাসের ছেলে। স্থানীয় শওকত হোসেন সাংবাদিকদের জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মর্তুজাপুর গ্রামের আওয়াল মিয়ার সঙ্গে নুরুল বিশ্বাসের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দুপুরে পুলিশ একটি মামলার আসামি ও আউয়ালের সমর্থক বলে পরিচিত মর্তুজাপুর গ্রামের জিল্লুরকে গ্রেপ্তার করতে যায়। কিন্তু তাকে না পেয়ে ফিরে যায়। এদিকে প্রতিপক্ষের লোকজন পুলিশকে সহযোগিতা করছে এমন খবর ছড়িয়ে পড়লে নুরুল বিশ্বাসের সমর্থক ও পাশের গ্রাম পিয়ারপুরের বাসিন্দা নাজমুল হোসেনকে রাস্তায় ধরে ধারালো অস্ত্র দিয়ে তার ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং বাম পা মারাত্মকভাবে জখম করে। এলাকাবাসী তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়, বলেন শওকত। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, অধিপত্য বিস্তারের জের ধরেই নাজমুলকে হত্যা করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২৩৫৮ ঘ.