শেরপুর, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের পিটুনিতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আট জন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, খামার ইউনিয়নের পলাশিয়া গ্রামে এ ঘটনায় নিহত মাসুদ মিয়া (৩০) ওই গ্রামের মমর উদ্দিনের ছেলে।
আহতরা হলেন বিল্লাল (৫২), রহুল (৩০), রসুল (৫৫), বিলকিছ (২৫), কামাল হোসেন (২৫), শফিকুল ইসলাম (৩০), হাকিম উদ্দিন (৫০) ও গুল মোহাম্মাদ (৭০)। তাদের শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, মাসুদ মিয়া ও তার পরিবারের ৮/৯ জন মিলে ২ মাস আগে গাজীর খামার বাজারের মাছহাটী এলাকায় ১৫ শতাংশ জায়গা ক্রয় করেন।
এরপর মাছহাটি এলাকার রসুল মামুদ ও তার ভাই রুহুল আমিন ওই জায়গায় চাষাবাদে বাধার সৃষ্টি করেন।
এনিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ বৈঠক হলেও দু'পক্ষের বিরোধের সুরাহা হয়নি।
এসআই জানান, সকালে রসুল মামুদ ও রুহুল আমিন লোকজন নিয়ে পলাশিয়া গ্রামের তাদের অন্য একটি জমিতে ধান রোপন করতে গেলে মাসুদ মিয়ার লোকজন তারে উপর হামলা চালায়।
তাদের পিটুনিতে ঘটনাস্থলেই মাসুদ মিয়ার মৃত্যু হয়।
সদর থানার ওসি মো. আকরাম হোসেন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০১৮ ঘ.
bdnews24