চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাতকানিয়ায় একটি খাল থেকে জামায়াতে ইসলামীর এক কর্মীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সোনাকানিয়া ইউনিয়নের হাতিয়ার খিল খাল থেকে আবদুল হাকিম (৩৫) নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
জামায়াতে ইসলামী দাবি করেছে, হাকিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
হাকিমের বাড়ি একই উপজেলার চরতী ইউনিয়নে। তবে তিনি সোনাকানিয়া ইউনিয়নে বসবাস করতেন।
সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাকিমের মাথায় আঘাত এবং গলায় ছুরি চালানোর চিহ্ন রয়েছে।
সাতকানিয়া এলাকার সংসদ সদস্য এবং চট্টগ্রাম নগর জামায়াতে ইসলামীর আমির শামসুল ইসলাম দাবি করেছেন, হাকিমকে স্থানীয় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যা করেছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাকিম ও কামাল উদ্দিন নামে আমাদের দুই কর্মীকে সন্ত্রাসীরা শুক্রবার রাতে সোনাকানিয়া থেকে অপহরণ করে।
শামসুলের ধারণা, কামালকেও হত্যা করা হয়েছে।
হত্যাকারী কারা- সে বিষয়ে সুনির্দিষ্ট করে কারো বিরুদ্ধে অভিযোগ করেননি তিনি।
ওসি খালেদ জানান, কামালের সন্ধানে পুলিশ অভিযান চালাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৪১০ ঘ.
bdnews24