২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ফ্যান্টাসি কিংডমে সংঘর্ষ, ভাংচুর

সাভারের আশুলিয়ায় বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডমে শুক্রবার দুপুরে দু'দল দর্শনার্থীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2011, 04:32 PM

Updated : 24 Aug 2022, 03:52 PM

সাভার, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডমে শুক্রবার দুপুরে দু'দল দর্শনার্থীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় ভাংচুরও করে সংঘর্ষকারীরা। পরে পুলিশ ও র‌্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক জানান, দুপুর দেড়টার দিকে ওয়াটার কিংডমের ভিতরে পানিতে কয়েকহাজার দর্শনার্থী গোসল করছিল। কেউ কেউ গানের তালে তালে আনন্দ করছিল। এ সময় দর্শনার্থীদের মধ্যে কিছু উচ্ছৃঙ্খল যুবক এক তরুণীকে লাঞ্ছিত করার চেষ্টা করলে মেয়েটির সঙ্গে আসা যুবকদের সঙ্গে সংঘর্ষ বাধে। সংঘর্ষকারীরা সাউন্ড সিস্টেম বক্স, বিভিন্ন প্রচারণার সাইনবোর্ড, ভিতরের দোনপাটসহ জানালা-দরজার কাচ ভাংচুর করে বলে তিনি জানান। ওয়াটার কিংডমের নিরাপত্তার দায়িত্বে থাকা পলাশ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি আরো জানান, র‌্যাব ও পুলিশ না এলে আরো বেশি ভাংচুর হতো। ঢাকা থেকে আসা দর্শনার্থী আসমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভিতরে কোনো নিয়মশৃঙ্খলা ছিল না। এছাড়া ধারণ ক্ষমতার বেশি দর্শনার্থীও এ অপ্রীতিকর ঘটনার জন্য অনেকাংশে দায়ী। তিনি বলেন, ঢাকা থেকে ঈদের ছুটিতে এখানে সপরিবারে এসেছিলাম বেড়াতে। কিন্তু দৌড়াদৌড়ি ও মারামারি দেখে ভয়ে চলে যাচ্ছি। ফ্যান্টাসি কিংডমের মহাব্যবস্থাপক (বিপনন) অনুপ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকের কাছে সংঘর্ষের কথা স্বীকার করেছেন। তবে ভাংচুরের বিষয়টি তিনি অস্বীকার করেন। দর্শনার্থীর সংখ্যা বিষয়ে তিনি বলেন, এখানে দর্শনার্থী ধারণ ক্ষমতা ছয় হাজার। এর চেয়ে বেশি দর্শনার্থী হয়নি বলে তিনি দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৭ ঘ.