পাবনা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারিবারিক অশান্তির কারণে নিজের শিশু সন্তানকে বিষ পান করিয়ে এক ব্যক্তি নিজেও বিষপানে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরভবানীপুর গ্রামে শুক্রবার ঘটছে এই ঘটনা।
মৃতরা হলেন- ওই গ্রামের ছিদ্দিক বিশ্বাসের ছেলে হাসান বিশ্বাস (২৬) এবং হাসানের দুই বছর বয়সি ছেলে সামাদ।
স্থানীয়রা জানায়, তিন বছর আগে বাবার অমতে বিয়ে করেন বেকার হাসান। এ নিয়ে তার পারিবারিক কলহ লেগেই থাকতো। ছেলেকে ঈদের জামা দিতে না পারায় হাসানের সঙ্গে পরিবারের তিক্ততা আরো বাড়ে।
পাবনা সদর থানার ওসি এএইচ এনায়েত উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারিবারিক দ্বন্দ্বের এক পর্যায়ে শুক্রবার দুপুরে সামাদকে কোলে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান হাসান।
"এরপর ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে নির্জন স্থানে সামাদকে প্রথমে বিষপান করান হাসান। সামাদের মৃত্যু নিশ্চিত হওয়ার পর তিনি নিজেও বিষপান করে আত্মহত্যা করেন।"
এ ঘটনায় পাবনা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা এনায়েত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/এমআই/১৭০৬ ঘ.
bdnews24