গোপালগঞ্জ, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের সদর উপজেলার একটি গ্রামে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে পুলিশ ও নারীসহ শতাধিক আহত হয়েছে।
আহতদের মধ্যে গুরুতর আহত এক পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার সকালে সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি গ্রামে প্রায় তিন ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় ১ মাস আগে বোড়াশী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এম এম মনির আহম্মেদ ননীর সমর্থক নূর আলী মোল্লার একটি মোবাইল ফোন চুরি হয়। পরাজিত চেয়ারম্যান প্রার্থী মাহাবুবুল ইসলাম ভুলুর সমর্থক মনির মোল্লাকে এ নিয়ে সন্দেহ করা হচ্ছিলো।
এর জের ধরে বৃহস্পতিবার রাতে ননীর সমর্থক নাদের মোল্লাকে ভুলুর লোকজন মারপিট করে। শুক্রবার সকাল ৮টার দিকে ননীর নেতৃত্বে লোকজন পাল্টা হামলা করতে এলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
সকাল ১১টার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হায়াতুর রহমান (৩৮) গুরুতর আহত হন বলে জানান পুলিশ কর্মকর্তা মাসুদুর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫১০ ঘ.
bdnews24