২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-সিরাজগঞ্জে হাত-পা বাঁধা তিনটি লাশ উদ্ধার

ঢাকার সাভার ও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিন জনকে খুন করা হয়েছে। নিহত সবারই হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। সাভারে নিহতদের মধ্যে এক জন নারী। উল্লাপাড়ায় নিহত ব্যক্তি এক জন পোশাক শ্রমিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2011, 08:02 AM

Updated : 24 Aug 2022, 03:52 PM

সাভার/সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভার ও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিন জনকে খুন করা হয়েছে। নিহত সবারই হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। সাভারে নিহতদের মধ্যে এক জন নারী। উল্লাপাড়ায় নিহত ব্যক্তি এক জন পোশাক শ্রমিক। সাভারের দুটি লাশের একটি পাওয়া যায় আশুলিয়ায় তুরাগ নদীতে ভাসমান অবস্থায়। নিহত নারীর বয়স আনুমানিক ২৮ বছর। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নদীতে লাশ দেথতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশের ধারণা, ধর্ষণের পর হত্যা করে লাশটি নদীতে ফেলে দেওয়া হয়। অন্য লাশটি উদ্ধার করা হয় বৃহস্পতিবার মধ্যরাতে বিরুলিয়ার দত্তপাড়া সড়কের পাশ থেকে। নিহত সারোয়ার হোসেন (২৬) মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকার বাসিন্দা। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সারোয়ারের দু হাত পেছনে বাঁধা ছিলো। গলায়ও তার প্যাঁচানো ছিলো। সারোয়ারকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জসিমের ধারণা। তিনি বলেন, সারোয়ার সিঙ্গাইরের দুর্গম এলাকায় মটর সাইকেলে যাত্রী পরিবহন করতো। ঈদের আগের দিন সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। উল্লাপাড়ায় নিখোঁজ হওয়ার চার দিন পর শুক্রবা দুপুরে শাহ আলম (২৮) নামে পোশাক শ্রমিকের লাশ পাওয়া যায়। উপজেলার দহকুলা গ্রামের কৃষক আব্দুল আলিমের ছেলে শাহ আলম ঢাকায় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। উল্লাপাড়া থানার উপপরিদর্শক আব্বাস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহ আলম ঈদের দুদিন আগে ঢাকা থেকে বাড়ি ফেরেন। সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। শুক্রবার সকালে মণ্ডলজানি সেতুর নিচে আলমের লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ কর্মকর্তা আব্বাস আলী বলেন, আলমের হাত-পা বাঁধা ছিলো। সম্ভবত জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫৩ ঘ.