মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চেঙ্গার চরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে বলে পুলিশ ও স্থানীয়রা জানায়। সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৪০ জন। ভাংচুর হয়েছে কয়েকটি ঘর।
নিহতের নাম রায়হান মিয়া (৫২)।
স্থানীয়রা জানায়, ঈদের দিন বুধবার বিকালে রায়হানের সঙ্গে একই এলাকার শাহিন, শরিফ, রুবেলের তর্কাকর্কি হয়। এর জের ধরে বৃহস্পতিবার রাতে রায়হানের বাড়িতে হামলা হয়।
গুরুতর আহত রায়হানকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এরপর দুই পক্ষে সংঘর্ষ চলে বলে পুলিশ জানায়।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, গোষ্ঠীগত দ্বন্দ্ব থেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩০ ঘ.
bdnews24