দিনাজপুর, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর সদর উপজেলায় বাস চাপায় নানি ও নাতনির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল দিনাজপুর-রংপুর সড়কের রামডুবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এর জেরে বিক্ষুদ্ধ জনতা প্রায় চারঘণ্টা দিনাজপুর-রংপুর সড়ক অবরোধ করেছে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
নিহত হয়েছেন খতেজান বিবি (৬০) এবং তার নাতনি খুশি (৫)।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, সকাল ১০টার দিকে রামডুবিতে একটি যাত্রীবাহী বাস নানি ও নাতনিকে চাপা দিলে ঘটনাস্থলেই খুশি মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে খতেজান বিবির মৃত্যু হয়।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা প্রায় চারঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে।
পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজিজুল ইসলাম, পুলিশ কর্মকর্তা এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক দুর্ঘটনাস্থলে দুটি স্পিডব্রেকার নির্মাণ ও নিহতের পরিবারকে সহায়তার আশ্বাস দিলে বিক্ষুদ্ধরা অবরোধ তুলে নেয় বলে জানান এসআই।
তিনি জানান, চালক বাসটি নিয়ে পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯০০ ঘ.
bdnews24