ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার বার্তা প্রধান জ ই মামুনের গাড়িতে হামলা হয়েছে।
রাজধানীল গুলশানের ২৪ নম্বর রোডে বুধবার রাতের এ ঘটনায় মামলা হয়েছে বৃহস্পতিবার।
সকালে মামুন বাদি হয়ে গুলশান থানায় মামলাটি করেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান গুলশান থানার ওসি শাহ আলম।
তিনি বলেন, "বুধবার রাতে গুলশানের ২৪ নম্বর রোডে তিন/চারজন যুবক জ ই মামুনের গাড়ির চাবি চেয়ে না পেয়ে গাড়ির ওপরে উঠে লাফালাফি ও গাড়িতে আঘাত করে।"
"কী কারণে এটি করা হয়েছে তা স্পষ্ট নয়।"
জ ই মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই সময় আমি নিজেই গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। একটি অনেকক্ষণ অনুসরণের পর ওইখানে আমার গাড়িকে তাদের গাড়িটি আড়াআড়ি রেখে আটকে দেয়।"
"তিন/চারজন যুবক গাড়ি থেকে নেমে আসে। আমি গ্লাসটি একটু নিচু করলে যুবকরা আমার শার্টের কলার ধরে টানাটানি শুরু করে। আমি তখন গাড়ির চাবিটি পায়ের কাছে ফেলে দেই। যুবকরা আমার কাছে গাড়ির চাবি চায়।"
এর পর যুবকরা তার গাড়িতে উঠে লাফালাফি করে বলে মামুন জানান।
তাদের কি উদ্দেশ্য ছিলো তার জানা নেই বলেন জানান তিনি।
ওসি জানান, যে গাড়িতে করে যুবকরা এসেছিলো সে গাড়িটি পুলিশ সনাক্ত করতে পেরেছে।
তবে গাড়িটি কার বা কাদের সে বিষয়ে ওসি কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২০৪৫ ঘ.
bdnews24