২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ঘরে আগুন, প্রতিবন্ধী তরুণীর মৃত্যু

বিদেশ পাঠানোর নামে নেওয়া টাকা ফেরত চাওয়ায় নোয়াখালীতে এক ব্যক্তির ঘরে প্রতিপক্ষের দেওয়া আগুনে এক প্রতিবন্ধী তরুণীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2011, 12:43 PM

Updated : 24 Aug 2022, 03:52 PM

নোয়াখালী, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টায়েন্টিফোর ডটকম)- বিদেশ পাঠানোর নামে নেওয়া টাকা ফেরত চাওয়ায় নোয়াখালীতে এক ব্যক্তির ঘরে প্রতিপক্ষের দেওয়া আগুনে এক প্রতিবন্ধী তরুণীর মৃত্যু হয়েছে। নোয়াখালীর কবিরহাটের বাটইয়া ইউনিয়নের শ্রীবর্দী গ্রামে তোফাজ্জল হোসেনের চারটি ঘরে আগুন দেওয়া হয় বুধবার গভীর রাতে। বৃহস্পতিবার সকালে তোফাজ্জলের শারীরিক প্রতিবন্ধী মেয়ে অগ্নিদগ্ধ শিরিন আক্তারের (২২) মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার রাতে পুলিশ মো. রাসেল (২২), সোহাগ (২৪) ও ওবায়েদুল হক (৫৫) নামে তিনজনকে গ্রেপ্তার করেছে। কবিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের জানান, এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ১৫ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি জানান, টাকা লেনদেনের বিষয়ে আগেই একটি মামলা দায়ের করেছিলেন তোফাজ্জল। সেই মামলায়ও মতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের পর দাফন করা হয়েছে। এছাড়া মারধরে আহত তোফাজ্জল, তার স্ত্রী নূরজাহান বেগম, মেয়ে লাকি, ছেলে সুমন ও মানিককে নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। কবিরহাট থানার ওসি রঞ্জিত বড়–য়া এলাকাবাসী ও নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, তোফাজ্জল হোসেনের দুই ছেলেকে বিদেশ পাঠানোর কথা বলে একই গ্রামের আবদুল মতিন দুই বছর আগে তার কাছ থেকে পাঁচ লাখ টাকা নেন। কিন্তু এতোদিনেও তোফাজ্জলের ছেলেদের বিদেশ পাঠাতে না পারায় বুধবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ওসি বলেন, "মধ্যরাতে মতিনের লোকজন তোফাজ্জালের বাড়িতে হামলা চালিয়ে তোফাজ্জল, তার স্ত্রী নূরজাহান বেগম, মেয়ে লাকি, ছেলে সুমন ও মানিককে পিটিয়ে আহত করে।" "এক পর্যায়ে দুর্বৃত্তরা তোফাজ্জালের বসতঘরে আগুন লাগিয়ে দেয়। পরিবারের অন্য সদস্যরা ঘর থেকে বেরিয়ে যেতে পারলেও তোফাজ্জলের প্রতিবন্ধী মেয়ে শিরিন আক্তার অগ্নিদগ্ধ হন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিরিনের মৃত্যু হয়।" দুপুরে নিহত শিরিনের বাড়িতে যান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাংসদ ওবায়দুল কাদের। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/পিডি/২২৪৫ ঘ.