গাজীপুর, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলায় নিখোঁজ হওয়ার দেড় দিন পর ভাসমান অবস্থায় এক প্রকৌশলীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার বালু চাকুলী এলাকার একটি বিল থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহত আল মোসাফি ওরফে ভুট্টো (২৭) গাজীপুর সদরের দক্ষিণ সালনা এলাকার ইউটা গার্মেন্টসে কর্মরত ছিলেন। তার বাবা প্রয়াত আব্দুল কাদের।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদের আগের রাতে ভুট্টো নিখোঁজ হন। বৃহস্পতিবার সকালে এলাকাবাসী ওই বিলে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
তিনি জানান, হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তবে ভুট্টোর বোন তাহমিনা আক্তার জানিয়েছেন, একই গ্রামের এক মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে খুনের ঘটনা ঘটতে পারে।
লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৩১৮ ঘ.
bdnews24