২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাচপুরে দুর্ঘটনার পর মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের কাচপুরে বাসচাপায় এক পোশাক শ্রমিক আহত হওয়ার ঘটনায় সোমবার সকালে প্রায় দুইঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 09:35 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

নারায়ণগঞ্জ, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের কাচপুরে বাসচাপায় এক পোশাক শ্রমিক আহত হওয়ার ঘটনায় সোমবার সকালে প্রায় দুইঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। ওই সময় পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া-ধাওয়িতে ১৫ পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়। পরে এ ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, সোমবার সকাল ১১টার দিকে কাচপুরে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় সিনহা গার্মেন্টসের শ্রমিক সাঈদা বেগম আহত হন। তবে ওই শ্রমিক মারা গেছে বলে গুজব ছড়িয়ে পড়লে কারখানাটির কয়েকহাজার শ্রমিক মহাসড়কে নেমে আসে। রাস্তায় নেমে তারা অন্তত ২০টি যানবাহন ভাঙচুর ও দু'টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোঁড়া হয় বলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার শেখ নাজমুল আলম জানিয়েছেন। সংঘর্ষে সোনারগাঁও থানার ওসি মো. ইউনুস আলী, পরিদর্শক (তদন্ত) মেজবাউদ্দিন, উপ-পরিদর্শক (এসআই) রেজাউল, আলেক, হাবিলদার বোরহান, নায়েক মেহেদী, কনস্টেবল মনোয়ার, আইয়ুব আলী, নূর-এ-আলমসহ ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছে। আহত শ্রমিকদের মধ্যে ইয়াকুব, স্বপন, মজিবর, মোস্তফা, জীবন, সালেহা ও আপনকে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার শেখ নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাস্তা পারাপারের সময় বাসচাপায় এক নারী শ্রমিক আহত হওয়ায় উত্তেজিত শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এতে ওই সড়কে দুইঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। অবরোধের ফলে সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে বন্দর উপজেলার মদনপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। গাড়ি চলাচল বন্ধ থাকায় যানজট এক সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত বিস্তৃত হয়। ফলে এ সড়কেও আধঘণ্টার মতো যান চলাচল বন্ধ থাকে। এদিকে অবরোধের এক পর্যায়ে কিছু শ্রমিক কাচপুরের অস্থায়ী পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে এবং ক্যাম্পের সামনে রাখা সোনারগাঁও থানার এক উপ-পরিদর্শকের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে শ্রমিকরা তাদের লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে। তারা ২০টি যানবাহন ভাঙচুরও করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে টিয়ার গ্যাস ও পরে রাবার বুলেট নিক্ষেপ করে। দুপুর দেড়টার দিকে র‌্যাব ও নারায়ণগঞ্জ পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (খ অঞ্চল) এস এম শফিউল্লাহ এ ঘটনার জন্য সিনহা টেক্সটাইল মিলের কর্মকর্তাদের দায়িত্বহীনতাকে দায়ী করে বলেন, "শ্রমিকরা গুজবকে কেন্দ্র করে যখন মহাসড়ক অবরোধ করে তখনই আমরা কর্মকর্তাদের অনুরোধ জানাই শ্রমিকদের সামনে দাঁড়িয়ে বলতে যে সাঈদা বেগম মারা যায়নি। কিন্তু মিলের নির্বাহী পরিচালক দেলোয়ার হোসেনসহ কর্মকর্তারা আমাদের আহ্বানে সাড়া দেননি।" দুর্ঘটনার পরপরই সাঈদা বেগমকে ওই প্রতিষ্ঠানের ভেতরেই নিজস্ব হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বলেন তিনি। তিনি আরো জানান, ভিডিও ফুটেজ দেখে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। পুলিশ ক্যাম্পে হামলা, মহাসড়ক, অবরোধ, যানবাহন ভাঙচুরের ঘটনায় দোষীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যাজটে আটকা পড়া সিলেটগামী যাত্রীবাহী বাসের যাত্রী আফজাল হোসেন জানান, "দেড়ঘণ্টা ধরে কাচপুরে আটকে আছি। কখন গন্তব্যে পৌঁছাবো জানি না। প্রচ- গরমে আমার দুই বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৮৪৪ ঘ.