২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় যুবক খুন, ঢাবিতে ছিনতাই

রাজধানীর উত্তরায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে এক ব্যক্তিকে গুলি করে ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 09:26 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে এক ব্যক্তিকে গুলি করে ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। উত্তরায় নিহতের নাম মো. সোলায়মান হোসেন ওরফে স্বপন (২৮)। সোমবার ভোররাতে আলাউল রোডের ২ নম্বর বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। উত্তরা থানার উপ-পরিদর্শক (্এসআই) মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে ছুরি মেরে হত্যা করে দরজায় তালা দিয়ে পালিয়ে যায়। স্বপন উত্তরা এলাকায় মোবাইল ফোনের ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে রফিকুল ইসলাম রফিক (৩৫) নামে এক যুবককে গুলি করে চার লাখ টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। দুপুর দেড়টার দিকে পথচারীরা রফিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রফিক সাংবাদিকদের বলেন, তিনি হেঁটে নিউ মার্কেট যাচ্ছিলেন। ওই সময় একটি মটর সাইকেলে তিন সন্ত্রাসী তার পথরোধ করে গুলি করে তার ব্যাগ ছিনিয়ে নেয়। ঢামেক ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রফিকের বুকের বাম পাশে একটি গুলি লাগে। রফিক জানান, তিনি বিভিন্ন দোকান থেকে মোবাইল কোম্পানির কার্ড বিক্রির প্রায় ৪ লাখ টাকা সংগ্রহ করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/সিএস/এমআই/১৫২৫ ঘ.