ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে মনমোহন সিংয়ের সফর নিয়ে আলোচনা করেছেন।
ভারতীয় প্রধানমন্ত্রীর সফরের আগে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় চূড়ান্ত করতে রোববার ঢাকা আসেন মেনন।
সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, "মনমোহন সিংয়ের সফরের বিস্তারিত প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।"
দুদিনের সফরে আগামী ৬ সেপ্টেম্বর ঢাকা আসছেন মনমোহন সিং।
তার এই সফরে সীমানা বিরোধ, তিস্তার পানি বণ্টনসহ ট্রানজিট বাস্তবায়নে কয়েকটি প্রটোকল স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
এ বিষয়গুলোর অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ সংশি¬ষ্টদের সঙ্গে আলোচনা করেন মেনন।
মনমোহন সিংয়ের সফরের মধ্যে দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন গতি ও মাত্রা পাবে বলে হাসিনা ও মেনন আশা প্রকাশ করেন।
মনমোহন সিংয়ের আসন্ন সফরকে ঐতিহাসিক আখ্যায়িত করে মেনন বলেছেন, এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী সে পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে বাংলাদেশ সফরে আসছেন।
দু'দেশের সম্পর্ক দিন দিন আরো উন্নত হচ্ছে বলেও মতপ্রকাশ করেছেন তিনি।
বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, বাংলাদেশের অর্থনীতি দিন দিন ভালো হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৪১৬ ঘ.
bdnews24