কিশোরগঞ্জ, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবারের মতো এবারো দেশের বৃহত্তম ঈদ জামাত হবে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। আর এর প্রস্তুতি চূড়ান্ত বলে জানিয়েছে ঈদগাহ কমিটি।
শোলাকিয়া মাঠে এবার হচ্ছে ১৮৪তম ঈদের জামাত। এবারের ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। এতে ইমামতী করবেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।
কয়েকদিন আগে থেকেই মাঠ পরিষ্কার, ধোয়া-মোছা ও রংয়ের প্রলেপ দেওয়াসহ আনুষঙ্গিক কাজ চলছিলো। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পৌরসভাসহ সরকারি বিভিন্ন বিভাগের তদারকিতে এ কাজ এখন প্রায় শেষ।
ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মীর রেজাউল আলম।
ঈদ জামাতে মুসল্লিদের অংশগ্রহণ নির্বিঘœ করতে শোলাকিয়া ঈদ স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। শোলাকিয়ায় লাখো মানুষের সঙ্গে ঈদের নামাজ পড়তে দূরদূরান্ত থেকেও আসেন ধর্মপ্রাণ মুসলমানরা।
কিশোরগঞ্জের রেল স্টেশন মাস্টার অমৃত লাল সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি ট্রেন ভোর সাড়ে ৫টায় ময়মনসিংহ থেকে ছেড়ে সাড়ে ৮টায় এবং অন্য ট্রেনটি সকাল ৬টায় ভৈরব থেকে ছেড়ে সকাল ৮টায় কিশোরগঞ্জ পৌঁছবে। জামাত শেষে দুপুর ১২টায় পুনরায় ছেড়ে যাবে ট্রেন দুটি।
পুলিশ সুপার রেজাউল জানান, মাঠের নিরাপত্তায় ঢাকা ও সিলেট থেকে বোমা সনাক্ত ও নিষ্ক্রিয়করণের দুটি দল শোলাকিয়া মাঠে বিশেষ অনুসন্ধান চালিয়েছে। এছাড়া তিন প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন থাকবে।
পুলিশের একটি দল মাঠে তাঁবু স্থাপন করে সার্বিক নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। সেই সঙ্গে শহরের আবাসিক হোটেল ও ছাত্রাবাসসহ বিভিন্ন স্পর্শকাতর স্থানে পুলিশি তল্লাশিসহ বিশেষ নজরদারি চলছে বলে জানান এসপি।
মসনদ-ই-আলা ঈশা খাঁর ৬ষ্ঠ বংশধর দেওয়ান হয়বত খান বাহাদুর কিশোরগঞ্জের জমিদারি প্রতিষ্ঠার পর ইংরেজি ১৮২৮ সালে কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে প্রায় ৭ একর জমির ওপর এ ঈদগাহ প্রতিষ্ঠা করেন।
স্থানীয় গবেষকদের ভাষ্যমতে, ১৮২৮ সনে প্রথম অনুষ্ঠিত জামাতে সোয়া লাখ মুসুল্লি¬ অংশগ্রহণ করেন বলে মাঠের নাম হয় 'সোয়া লাখি মাঠ'। সেখান থেকে উচ্চারণের বিবর্তনে পরিণত হয়ে নাম ধারণ করেছে আজকের শোলাকিয়া।
বিশাল এই মাঠের মধ্যে মোট কাতার রয়েছে ২৬৫টি। প্রতি কাতারে ৫ শতাধিক মুসল্লি নামাজে অংশ নিয়ে থাকেন। সেই সঙ্গে মাঠের বাইরে আশে পাশের এলাকা জুড়ে জামাতে অংশ নেওয়া মুসুল্লি¬র সংখ্যা আড়াই থেকে তিন লাখ ছাড়িয়ে যায়।
শোলাকিয়ায় দিনে দিনে মুসল্লি সংখ্যা বাড়লেও সে অনুপাতে বাড়েনি আনুষঙ্গিক সুযোগ সুবিধা।
বিশেষ করে অল্প বৃষ্টিতেই মাঠ কাদা-পানিতে একাকার হয়ে নামাজের অনুপযোগী হয়ে পড়ে, এর ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় মুসুল্লিদের।
এছাড়া পর্যাপ্ত ওজুখানা ও টয়লেটের অভাবেও মুসল্লি¬রা ভোগান্তিতে পড়েন। সারা বছর জুড়ে মাঠে গরু ছাগল চরানো ও গোবর শুকানোর কারণেও নষ্ট হয় মাঠের পরিবেশ।
এতে ক্ষোভ প্রকাশ করে আমেরিকা প্রবাসী ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশের দূর-দূরান্তসহ বিদেশ থেকে মুসল্লিরা এখানে নামাজ পড়তে আসায় শোলাকিয়া মাঠ আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। তাই মাঠটির সুযোগ-সুবিধা হওয়া উচিত আন্তর্জাতিক পর্যায়ের। কিন্তু বাস্তব পরিস্থিতি খুবই নাজুক।"
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরা ফারুক এবার শোলাকিয়ায় নামাজ পড়বেন বলে জানান।
স্থানীয় বাসিন্দা নূরুল আমিন বলেন, "গত কয়েক বছর ধরে মাঠে কাদা ও জমে থাকা পানির জন্য নামাজ পড়তে অসুবিধা হচ্ছে।"
এ ছাড়া মাঠের আয়তন কম হওয়ায় স্থান সঙ্কটে প্রতি বছর দূর দূরান্ত থেকে আসা অনেক মুসল্লি নামাজ না পড়েই ফেরত যায় বলে জানান তিনি।
মাঠটি পাকা করা এবং আয়তন বাড়ানোর জন্য সরকারের হস্তক্ষেপ চেয়েছে স্থানীয়রা।
এ বিষয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও শোলাকিয়া ঈদগাহ মাঠ কমিটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান জানান, সরকারের বরাদ্দ করা ৫০ লাখ টাকায় মাঠের বিভিন্ন উন্নয়ন কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এর অংশ হিসাবে মাঠের পাশে ড্রেনের ওপর স্ল্যাব নির্মাণ, ফটকসহ প্রাচীর নির্মাণের কাজ এগিয়ে চলেছে।
মাঠের সার্বিক উন্নয়নের জন্য আগামী ১০০ বছরকে মাথায় রেখে একটি পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
এবার বৃষ্টি হলে মুসল্লিদের যেন দুর্ভোগ কম হয়, সে জন্য পানি নিষ্কাশনের পথ তৈরিসহ বালু ফেলা হচ্ছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১২০৪ ঘ.
bdnews24