২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় অপহরণ চেষ্টা: পুলিশের মামলায় গ্রেপ্তার ৩

নওগাঁ সদর উপজেলায় ব্যবসায়ী অপহরণ চেষ্টা ও জনতা-পুলিশ সংঘর্ষের ঘটনায় দায়ের করা একটি মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2011, 02:26 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

নওগাঁ, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁ সদর উপজেলায় ব্যবসায়ী অপহরণ চেষ্টা ও জনতা-পুলিশ সংঘর্ষের ঘটনায় দায়ের করা একটি মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে ভরট্ট কাঠের ডাঙ্গা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন ভরট্ট কাঠের ডাঙ্গা গ্রামের সাইদুল রহমান, কৌশিক আহম্মেদ এবং পার-কুলিহার গ্রামের রফিকুল ইসলাম। এরা সবাই পুলিশের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। শনিবার মান্দা থানায় সাতজনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেন ব্যবসায়ী একরামুল ইসলাম কবিরাজের বাবা আক্কাস আলী কবিরাজ। একইদিন পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ এবং কাজে বাধা দেওয়ার অভিযোগ আরেকটি মামলা করেন সদর থানাধীন ভীমপুর তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মজিদ। পুলিশের মামলায় ১২ জনের না উল্লেখসহ প্রায় তিন হাজার অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করা হয়। এদিকে গ্রেপ্তার আতঙ্কে এলাকার পুরুষরা বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানার ওসি আলী আহমেদ হাশমী জানান, কোনো নিরপরাধ ব্যক্তিকে এ মামলায় গ্রেপ্তার করে হয়রানি না করার জন্য পুলিশকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে পুলিশের উপর হামলাকারীদেরই গ্রেপ্তার করা হবে, বলেন তিনি। শুক্রবার বিকালে এক ব্যবসায়ী একরামুল ইসলামকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় উপজেলার হাসাইগাড়ী ইউনিয়নের কাঠখের বাজার এলাকায় স্থানীয়রা মাইক্রোবাসসহ তিনজনকে আটক করে। তারা অপহরণকারীদের মাইক্রোবাসটি জ্বালিয়ে দেয়। এরপর অপহরণকারীদের উদ্ধার করতে আসা পুলিশের সঙ্গে জনতার কয়েকদফা সংঘর্ষ হয়। পরে র‌্যাব ও অতিরিক্ত পুলিশ গিয়ে তিন রাউন্ড গুলি ছুঁড়ে তাদের উদ্ধার করে। জনতা-পুলিশ সংঘর্ষে অন্তত ১০ পুলিশ সদস্য আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২২ ঘ.